আদাবরে বিএনপি নেতা আবুল বাশার হত্যায় আরেক আসামি গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
রাজধানীর আদাবর এলাকায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে সংঘর্ষে বিএনপি নেতা আবুল বাশার বাদশা হত্যা মামলার অন্যতম অভিযুক্ত মনোয়ার হাসান ওরফে লেদু হাসানকে গ্রেফতার করেছে র্যাব-২।
র্যাবের দাবি, গ্রেফতার আসামিদের জবানবন্দিতে লেদু মূল হামলাকারী পারভেজের কাছে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র সরবরাহ করেছিলেন।
বুধবার (২৯ জুলাই) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র্যাব মিডিয়ায় সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-২ এর অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান।
তিনি বলেন, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে লেদুকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ রাজধানীর বিভিন্ন থানায় মোট ৩২টি মামলা রয়েছে।
নয়মুল হাসান জানান, গত ১ জুলাই রাজধানীর আদাবর থানার নবোদয় হাউজিং এলাকায় জাপান ও ব্রাজিলের মধ্যকার বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে সংঘর্ষের এক পর্যায়ে ছুরিকাঘাতে নিহত হন নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা। ওই হত্যা মামলার অন্যতম অভিযুক্ত লেদু। মামলায় গ্রেফতার হওয়া কয়েকজনের ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে লেদুই মূল হামলাকারী পারভেজের কাছে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র সরবরাহ করেছিলেন বলে উঠে এসেছে।
তিনি আরও জানান, পিসিপিআর যাচাইয়ে দেখা গেছে, লেদুর বিরুদ্ধে মোহাম্মদপুর, আদাবর ও দারুস সালাম থানায় বিশেষ ক্ষমতা আইন, বিস্ফোরক দ্রব্য আইন, হত্যা, হত্যাচেষ্টা, অস্ত্র ও সন্ত্রাসবিরোধী আইনের একাধিক মামলা রয়েছে। এছাড়া ২০১০ সালের আলোচিত ওহিদুজ্জামান হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে তিনি গ্রেফতার হয়েছিলেন এবং ২০১২ সাল পর্যন্ত কারাগারে ছিলেন।
২০২১ সালে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ র্যাব-৪ লেদুকে গ্রেফতার করে। একটি অস্ত্র মামলায় তার ১০ বছরের কারাদণ্ড হয়েছে বলেও জানান তিনি।
নয়মুল হাসান বলেন, স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরে লেদুর বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং কিশোর গ্যাং পৃষ্ঠপোষকতার অভিযোগ করে আসছিলেন।
