আদালতে মাদুরো: পাল্টাপাল্টি বিক্ষোভে উত্তাল নিউইয়র্ক

অনলাইন ডেস্ক
নিউইয়র্কের ম্যানহাটন ফেডারেল আদালতের বাইরে উত্তাল পরিস্থিতি। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিচারিক কার্যক্রম শুরু হওয়ায় বাইরে জড়ো হয়েছেন তার সমর্থকরা। বিপরীতে আরেক দল হাজির হয় মাদুরোর গ্রেফতারে উচ্ছ্বাস প্রকাশ করতে।

সোমবার সকালে আদালতের কার্যক্রম শুরু হওয়ার আগে থেকেই সেখানে জড়ো হতে থাকেন বিপুল সংখ্যক মানুষ। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, আদালতের বাইরের চত্বরটি মূলত দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। একদিকে মাদুরোর গ্রেফতার উদযাপন করতে আসা মানুষের উল্লাস দেখা গেছে, অন্যদিকে তার সমর্থনে সরব ছিলেন বড় একটি অংশ।

বিক্ষোভকারীদের হাতে থাকা ভেনেজুয়েলার পতাকায় ছেয়ে যায় আদালত প্রাঙ্গণ। মাদুরোর বিরোধীরা লিবার্তাদ বা স্বাধীনতার দাবিতে স্লোগান দিতে থাকেন। ভেনেজুয়েলায় বন্দি রাজনৈতিক নেতাদের ছেড়ে দেওয়ার দাবি জানান।

সেখানে অদ্ভুত এক রাজনৈতিক আবহও লক্ষ্য করা গেছে; এক বিক্ষোভকারীর হাতে ভেনেজুয়েলার পতাকার পাশাপাশি ট্রাম্প ফর কিং লেখা সম্বলিত পতাকাও দেখা যায়। অন্যদিকে, মাদুরো পন্থী অংশটি প্রেসিডেন্ট মাদুরোকে মুক্ত করো লেখা ব্যানার নিয়ে তাদের নেতার পক্ষে অনড় অবস্থান প্রদর্শন করেন।

দুই পক্ষের পাল্টাপাল্টি স্লোগান এবং উত্তেজনাকর পরিস্থিতির মধ্য দিয়ে মাদুরোর এই ঐতিহাসিক শুনানিকে কেন্দ্র করে পুরো নিউইয়র্ক শহর বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

সূত্র: সিএনএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights