আদালত থেকে বেরিয়ে কড়া প্রতিক্রিয়া জানালেন ট্রাম্প

অনলাইন ডেস্ক

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রেফতার হওয়ার কিছুক্ষণ পর মুক্তি পেয়েছেন। নিউইয়র্কের ম্যানহাটান আদালত চত্বর ছেড়েছেন তিনি। আদালদত থেকে বের হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা না বলে নিউইয়র্ক থেকে সরাসরি ফ্লোরিডায় চলে যান ট্রাম্প। সেখানে মার-এ-লাগোয় নিজ সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য দেন ট্রাম্প। এসময় কড়া প্রতিক্রিয়ায় বিচার সংশ্লিষ্ট সবার সমালোচনা করেন।

ট্রাম্প বলেন, ‘একমাত্র অপরাধ আমি যেটি করেছি, সেটি হলো যারা আমাদের দেশকে ধ্বংস করতে চায় তাদের কাছ থেকে দেশকে নির্ভয়ে রক্ষা করেছি। শুরু থেকে, ডেমোক্র্যাটসরা (জো বাইডেনের দল) আমার ক্যাম্পেইনের ওপর নজরদারি চালিয়েছে। তারা আমার ওপর তদন্তের হামলা চালিয়েছে

এছাড়া প্রেসিডেন্ট থাকা অবস্থায় অভিসংশন করার বিষয়টিরও সমালোচনা করেছেন ট্রাম্প। তিনি দাবি করেছেন, একাধিক বিষয়ে তদন্ত করে তাকে আক্রমণ করা হয়েছে। এছাড়া ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপি করে জো বাইডেন জয় পেয়েছেন বলে আবারও দাবি করেছেন তিনি।
এরপর নিউইয়র্কের ম্যানহাটন আদালতের জেলা অ্যাটর্নি আলভিন ব্রাগের কড়া সমালোচনা করেছেন ট্রাম্প। এই আলভিন ব্রাগই ট্রাম্পকে আদালত পর্যন্ত নিয়ে যেতে সবচেয়ে বড় ভূমিকা করেছেন। অ্যাটর্নি ব্রাগকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেছেন, ‘আলভিন ব্রাগ একজন ক্রিমিনাল। তার বিচার হওয়া উচিত অথবা তার পদত্যাগ করা উচিত।’

এরপর ম্যানহাটন আদালতের বিচারক জুয়ান মার্চেনের সমালোচনা করে ট্রাম্প আরও দাবি করেন, তার বিরুদ্ধে এমন একজন বিচারক বিচার করছেন যার পুরো পরিবার ট্রাম্প বিরোধী। তিনি বলেছেন, ‘আমার একজন ট্রাম্প-ঘৃণাকারী বিচারক আছে, সঙ্গে আছে ট্রাম্প-ঘৃণাকারী স্ত্রী ও পরিবার।’

ট্রাম্পের দাবি, বিচারক জুয়ান মার্চেনের স্ত্রী তার বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে টুইট করেছিলেন। অপরদিকে তার মেয়ে বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের হয়ে কাজ করেছেন। এরপর বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার প্রশাসনের সমালোচনা করেছেন ট্রাম্প।

এর আগে মঙ্গলবার (০৪ এপ্রিল) ম্যানহাটানের আদালতে পৌঁছার পর ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়। পরে তাঁকে পুলিশের হেফাজতে নেওয়া হয়। কিছুক্ষণ পর বিচারকের সামনে হাজির করা হয়।

আনুষ্ঠানিক অভিযোগ দায়েরের মধ্য দিয়ে এদিন থেকে শুরু হল যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অবৈধ অর্থ প্রদানের মামলার বিচারকাজ। আদালতে শুনানিতে ট্রাম্পের বিরুদ্ধে আনা ৩৪টি অভিযোগ অস্বীকার করেন ট্রাম্প। আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন তিনি। আগামী ৪ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানিতে ট্রাম্পকে সশরীরে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নিউ ইয়র্কের ম্যানহ্যাটন আদালতে এদিন ফৌজদারি অভিযোগের মুখোমুখি হওয়ার প্রায় এক ঘন্টা পর ট্রাম্প আদালতকক্ষ ত্যাগ করেন।

সূত্র : আল জাজিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights