আনিসুলের বান্ধবী তৌফিকার আয়কর নথি জব্দের আদেশ

অনলাইন ডেস্ক

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বান্ধবী ও আইনজীবী তৌফিকা আফতাব ওরফে তৌফিকা করিমের আয়কর বিবরণী পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) প্রদান ও তা জব্দের অনুমতি দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৪ নভেম্বর) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। এদিন সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের উপ-পুলিশ পরিদর্শক মো. মনিরুজ্জামান তৌফিকার আয়কর নথি ও সংশ্লিষ্ট কাগজপত্র সংগ্রহের অনুমতি চেয়ে আবেদন করেন।

আবেদনে উল্লেখ করা হয়- সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বান্ধবী ও সাবেক পিএস অভিযুক্ত তৌফিকা আফতাব ওরফে তৌফিকা করিম আইনমন্ত্রীর ক্ষমতার অপব্যবহার করে আদালতে আসামিদের জামিন, নিয়োগ বাণিজ্য, বদলির তদবিরসহ বিভিন্ন অনিয়মের মাধ্যমে অবৈধভাবে বিপুল অর্থ উপার্জন করেছেন। ওই অর্থ দিয়ে তিনি ফ্ল্যাট, গাড়ি ও জমি ক্রয়সহ বিদেশে অর্থপাচারের (মানি লন্ডারিং) সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে অনুসন্ধান চলছে।

সুষ্ঠু ও নিরপেক্ষ অনুসন্ধানের স্বার্থে ২০১০ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত তার আয়কর বিবরণী ও এর সঙ্গে থাকা আনুষঙ্গিক নথি সংগ্রহ করা প্রয়োজন। এজন্য ঢাকার কর অঞ্চল-৮ এর উপ-কর কমিশনারকে ওই নথিপত্র সিআইডিকে দেওয়ার নির্দেশনার আবেদন করা হয়।

আবেদনের পক্ষে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আজিজুল হক দিদার শুনানি করেন। শুনানি শেষে আদালত তৌফিকা করিমের আয়কর বিবরণী সিআইডিকে প্রদানের আদেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights