আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারম প্রতিযোগিতায় প্রথম জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারম প্রতিযোগিতায় ২০২৫-২৬ এ পুরুষ এককে জাতীয় বিশ্ববিদ্যালয়কে হারিয়ে বিজয়ী হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

রবিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইনডোরে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারম প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজিত এ প্রতিযোগিতায় দেশের ১৮টি বিশ্ববিদ্যালয় অংশ নেয়। এতে পুরুষ এককে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফাইনালে জাতীয় বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। এ-র আগে সেমিফাইনালে ঢাকা বিশ্ববিদ্যালয়কে হারিয়ে ফাইনালে উঠে পুরুষ দল।

অন্যদিকে পুরুষ দ্বৈতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কাছে পরাজিত হয়ে রানারআপ শিরোপা অর্জন করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আর নারী এককে কোয়ার্টার ফাইনাল ও নারী দ্বৈতে সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়।

বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের প্রশিক্ষক পুষ্পেন সরকার বলেন, আমাদের দলের সবাই অত্যন্ত আন্তরিকতা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের একাগ্রতা ও পরিশ্রম ছিল প্রশংসনীয়।

তিনি আরও বলেন, এটাই আমাদের সাফল্যের অন্যতম কারণ। আমার বিশ্বাস, ভবিষ্যতে তাঁরা আরও বড় অর্জনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করবেন। মেয়েরাও খুব ভালো খেলেছে তবে এবার তাঁরা কোনো শিরোপা অর্জন করতে পারেননি। আশা করি আগামীতে তাঁরা আরও বড় সাফল্য নিয়ে আসবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights