আন্দোলন চলাকালে বার্গার খেয়ে পদ হারালেন সিজেপি মুখপাত্র

আন্তর্জাতিক ডেস্ক
সিজেপি-র ‘চলো সংসদ’ পদযাত্রায় পুলিশি লাঠিচার্জ ও সংঘর্ষের মাঝে ফাস্টফুডের দোকানে বার্গার খাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় পদ হারিয়েছেন কক্‌রোচ জনতা পার্টির মুখপাত্র বিজেতা দাহিয়া। মঙ্গলবার এক আনুষ্ঠানিক বার্তায় তাকে মুখপাত্রের পদ থেকে অপসারণ করার পাশাপাশি সমস্ত প্রাতিষ্ঠানিক দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে দলটির হাইকমান্ড।

দলীয় বিবৃতিতে তার এই আচরণকে আন্দোলনকারীদের প্রতি চরম সহানুভূতিহীন ও অসংবেদনশীল বলে আখ্যা দেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যায়, যন্তর মন্তরের কাছে একটি ফাস্টফুডের দোকানে শান্তিতে বার্গার খাচ্ছেন বিজেতা দাহিয়া, ঠিক যে সময়ে সংসদ ভবনের দিকে এগোতে চাওয়া আন্দোলনকারীদের ওপর পুলিশ টিয়ারগ্যাস ও লাঠিচার্জ করছিল। সেই সময় এক ব্যক্তি তাকে আন্দোলনস্থল ছেড়ে দোকানে বসে খাওয়ার কারণ জিজ্ঞেস করলে বিতর্কের সূত্রপাত হয়। ঘটনার পর নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে দাহিয়া বলেন, আজকে মানুষ প্রশ্ন তুলছে কেন আমি বার্গার খেলাম, এটা নাকি বড় ইস্যু! মানুষ ক্ষুধা লাগলেই বার্গার খায়। আমার খুব ক্ষুধা পেয়েছিল তাই খেয়েছি। ভালো কিছু খেলে মন ভালো থাকে।

সমালোচকদের উদ্দেশে তিনি আরও বলেন, মানুষ দেখছে না যে আন্দোলনে থাকা অন্যদের মতোই আমিও টানা দুই রাত ঘুমাইনি। আপনারা আমাকে এমনভাবে জবাবদিহির আওতায় আনছেন যেন আন্দোলন করাটাই আমার চাকরি! আপনারা তো আমাকে নির্বাচন করে এই জায়গায় বসাননি।

তবে তার এই যুক্তি গ্রহণ করেনি কক্‌রোচ জনতা পার্টি। দলটির পক্ষ থেকে দেওয়া এক কড়া বিবৃতিতে বলা হয়, যখন আমাদের দল ও সাধারণ আন্দোলনকারীরা পুলিশের নির্মম সহিংসতার মুখোমুখি হচ্ছিল, ঠিক সে সময়ে আমাদের মুখপাত্র বিজেতা দাহিয়ার এমন কর্মকাণ্ড অত্যন্ত অসংবেদনশীল ও বিচারবুদ্ধিহীনতার পরিচয়। এমন আচরণ দলের মূল্যবোধ ও নীতির পরিপন্থী। তাই তাকে অবিলম্বে পদ থেকে অপসারণ করা হলো।

উল্লেখ্য, প্রতিযোগিতামূলক পরীক্ষার অনিয়ম এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে কক্‌রোচ জনতা পার্টি আয়োজিত ‘চলো সংসদ’ পদযাত্রাকে ঘিরে সোমবার দিল্লিতে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটে। সেই সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারগ্যাস ও লাঠিচার্জ প্রয়োগ করেছিল, যাতে বহু আন্দোলনকারী ও পুলিশ সদস্য আহত হন।

সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights