আপনাকে ‘ডোনাল্ড ট্রাম্প’ নয়, ‘ডোনাল্ড ডাক’ ডাকবো : ক্রিস ক্রিস্টি

অনলাইন ডেস্ক
বুধবার রাতে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত রিপাবলিকান প্রাইমারি বিতর্কে অংশ নেন সাতজন। সেখানে ট্রাম্পের অনুপস্থিতি, অভিবাসন, অর্থনীতি, চীনসহ নানান বিষয়ে মত প্রকাশ করেন তারা। এতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প অংশ না নেওয়ায় সমালোচনা করেছেন অন্য প্রার্থীরা। ফ্লরিডার গভর্নর রন ডিস্যান্টিস বলেন, ট্রাম্পের আমলে ঋণের পরিমাণ অনেক বেড়েছে। বর্তমানে যে মূল্যস্ফীতি দেখা যাচ্ছে এটা ঐ কারণেই হয়েছে।

রন ডিস্যান্টিস জরিপে ট্রাম্পের পরেই আছেন। এদিকে, ট্রাম্পের সমালোচনা করতে গিয়ে কিছুটা হাস্যরসের আশ্রয় নেন আরেক প্রার্থী নিউজার্সির সাবেক গভর্নর ক্রিস ক্রিস্টি। ক্যামেরার দিকে তাকিয়ে ট্রাম্পের সঙ্গে সরাসরি কথা বলার ভঙ্গিতে তিনি বলেন, ‘আপনি এখানে নেই, কারণ এখানে থেকে আপনার রেকর্ড নিয়ে কথা বলতে আপনি ভয় পাচ্ছেন। আপনি এসব বিষয় এড়াচ্ছেন।

ট্রাম্পের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ‘আপনি যদি এমনটা করতে থাকেন তাহলে কী হবে আমি সেটা আপনাকে বলছি। এখানে যারা উপস্থিত আছেন তারা কেউ আর আপনাকে ডোনাল্ড ট্রাম্প বলে ডাকবেন না। আমরা আপনাকে ডোনাল্ড ডাক বলে ডাকবো।’
প্রাইমারিতে না গিয়ে ট্রাম্প মিশিগানে চলা পরিবহন শ্রমিকদের ধর্মঘটে উপস্থিত হয়েছিলেন। সেখানে দেওয়া বক্তৃতায় তিনি বিতর্কে অংশ নেয়া সাত রিপাবলিকান প্রার্থী সম্পর্কে বলেন, ‘তারা সবাই চাকরিপ্রার্থী। তাদের মধ্যে কি ভিপি হওয়ার মতো কাউকে দেখা যায়? আমার মনে হয় না।’

ক্রিস্টি বলেন, অবৈধ অভিবাসন ঠেকাতে তিনি দায়িত্বগ্রহণের প্রথমদিনই মেক্সিকো সীমান্তে ন্যাশনাল গার্ড পাঠাবেন।

সাউথ ক্যারোলাইনার সাবেক গভর্নর নিকি হেইলি, যিনি একজন ভারতীয় অভিবাসীর সন্তান, সীমান্ত সুরক্ষা না করা পর্যন্ত ল্যাটিন অ্যামেরিকার দেশগুলোতে বিদেশি সহায়তা কমানোর প্রস্তাব দিয়েছেন।

সাবেক মার্কন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ট্রাম্প আমলের নীতির কথা তুলে ধরেছেন। এতে যুক্তরাষ্ট্রের আদালতে শুনানি চলার সময় আশ্রয়প্রার্থীদের মেক্সিকোতে রাখার কথা বলা হয়েছে। সূত্র : ডয়চে ভেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights