আপিল খারিজ, প্লে-অফে খেলা হচ্ছে না সাউদাম্পটনের

অনলাইন ডেস্ক

গুপ্তচরবৃত্তির অভিযোগে চ্যাম্পিয়নশিপ প্লে-অফ ফাইনাল থেকে বহিষ্কারের বিরুদ্ধে করা সাউদাম্পটন এর আপিল খারিজ করে দেওয়া হয়েছে। ফলে প্রিমিয়ার লিগে শনিবার ওয়েম্বলিতে হাল সিটির মুখোমুখি হবে মিডলসব্রো। সেমিফাইনালে তারা সাউদাম্পটনের কাছে ১-০ ব্যবধানে হেরেছিল।

ইংলিশ ফুটবল লিগ (ইএফএল) কর্তৃপক্ষ এর একটি সালিশি প্যানেল ক্লাবটিকে প্লে-অফ থেকে বাদ দেওয়ার প্রাথমিক সিদ্ধান্তটি বহাল রেখেছে। বুধবার (২০ মে) ইএফএল ঘোষণা করেছে, প্লে-অফ থেকে বহিষ্কারের বিরুদ্ধে সাউদাম্পটনের করা আপিলটি চূড়ান্তভাবে খারিজ করে দেওয়া হয়েছে।

একটি আনুষ্ঠানিক বিবৃতিতে স্বাধীন লীগ সালিশি প্যানেলের এই আপিল খারিজের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়েছে, ইএফএল-এর একাধিক নিয়ম লঙ্ঘনের কথা স্বীকার করার পর স্বাধীন শৃঙ্খলা কমিশনের দেওয়া শাস্তির বিরুদ্ধে সাউদাম্পটন ফুটবল ক্লাবের করা আপিলটি খারিজ করে দিয়েছে। এতে চ্যাম্পিয়নশিপ প্লে-অফ থেকে বহিষ্কারের মূল শাস্তিটি বহালের পাশাপাশি ২০২৬-২৭ চ্যাম্পিয়নশিপ টেবিলে চার পয়েন্ট কেটে নেওয়া এবং সমস্ত অভিযোগের জন্য তিরস্কারও বহাল থাকছে।

এদিকে সাউদাম্পটন এক বিবৃতিতে তাদের হতাশা প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়, আমরা জানি এই মুহূর্তটি আমাদের সমর্থক, খেলোয়াড়, কর্মী, বাণিজ্যিক অংশীদার এবং বৃহত্তর সম্প্রদায়ের জন্য কতটা বেদনাদায়ক হবে। যারা পুরো মৌসুম জুড়ে দলকে এত সমর্থন জুগিয়েছে এবং এর দ্বারা প্রভাবিত সকলের কাছে আমরা আবারও ক্ষমা চাইছি। ক্লাবটি এই পরিস্থিতি পর্যন্ত নিয়ে আসা ঘটনাগুলো নিয়ে গভীরভাবে পর্যালোচনা করবে, তা থেকে শিক্ষা নেবে এবং দায়িত্বশীলভাবে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে উল্লেখ করে।

ইএফএল কর্তৃপক্ষ জানায়, সাউদাম্পটন চলতি মৌসুমে একাধিকবার নিয়ম ভেঙেছে। এর মধ্যে রয়েছে অক্সফোর্ড ইউনাইটেড এবং ইপউইচ টাউনের বিপক্ষে ম্যাচের আগে গোপনে অনুশীলন পর্যবেক্ষণ।

প্রাথমিক অভিযোগ ছিল মিডলসব্রোর সেমিফাইনালের আগে তাদের অনুশীলন ক্যাম্পে অননুমোদিত ভিডিও ধারণ। সেই ম্যাচে জয়ী হয়ে ফাইনালের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল সাউদাম্পটন। পরবর্তীতে আরও তদন্তে অতিরিক্ত লঙ্ঘনের প্রমাণ মেলায় ক্লাবটিকে আগামী মৌসুমের জন্য চার পয়েন্ট শাস্তি দেয়া হয়েছে।

এই প্লে-অফ ফাইনালকে বলা হয় বিশ্ব ফুটবলের সবচেয়ে দামী একক ম্যাচ। কারণ জয়ী দল ভবিষ্যতে অন্তত প্রায় ২৭০ মিলিয়ন ডলারের আর্থিক সুবিধা পায়। প্রিমিয়ার লিগে ওঠা মানে বিশাল সম্প্রচার চুক্তি, পূর্ণ স্টেডিয়াম দর্শক এবং বিশ্বের বড় ক্লাবগুলোর বিপক্ষে খেলার সুযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights