আফঈদাদের সঙ্গে মানিয়ে নিচ্ছেন আনিকা

ক্রীড়া প্রতিবেদক

ফুটবলে দলের মধ্যে বোঝাপড়া অনেক গুরুত্বপূর্ণ। ইউরোপিয়ান ক্লাবগুলোর খেলা দেখলে এটা চোখে পড়ে। লিওনেল মেসিকে না দেখেই তার পজিশন বুঝে পাস দিতেন ইনিয়েস্তা-জাভিরা। সেই পাস ধরে কত দৃষ্টিনন্দন গোল করেছেন মেসি। সতীর্থদের সঙ্গে তাই বোঝাপড়াটাই আগে বাড়িয়ে নিতে চান সুইডেনপ্রবাসী নারী ফুটবলার আনিকা রানিয়া সিদ্দিকী। বর্তমানে তিনি অস্ট্রেলিয়ায় আছেন নারী জাতীয় দলের সঙ্গে। এএফসি এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলতে গেছে বাংলাদেশ। আনিকা থাকছেন অধিনায়ক আফঈদা খন্দকারের সঙ্গে। মাঠের ভিতর ও বাইরে দলের সবার সঙ্গে সম্পর্কটা জোরদার করছেন তিনি। পাশাপাশি জাতীয় দলের জার্সিতে সেরা খেলা উপহার দেওয়ার জন্য প্রস্তুত করে তুলছেন নিজেকে।

গতকাল অনুশীলনের ফাঁকে এক ভিডিও বার্তায় আনিকা বলেন, ‘আমি আফঈদার সঙ্গে থাকছি। আমাদের সবার মধ্যে দলগত বন্ধনটা আরও ভালো হচ্ছে।’ এ বন্ধনটাই খেলার মাঠে বড় ভূমিকা রাখতে পারে। সুইডেনে শীতের মধ্যেই বড় হয়েছেন আনিকা। অস্ট্রেলিয়ার গরম পরিবেশে মানিয়ে নিতে বেশ চ্যালেঞ্জে পড়ে গেছেন তিনি। সিডনিতে ২৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ও প্রখর রোদে শনিবার টানা দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছেন পিটার বাটলারের শিষ্যরা। ২১ বছর বয়সি আনিকা বলছেন, ‘সত্যি বলতে আবহাওয়া নিয়ে কিছুটা কষ্ট হচ্ছে। এখনো মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। আমার কাছে বাংলাদেশের চেয়েও এখানে বেশি গরম মনে হচ্ছে।’ তবে প্রতিকূল পরিস্থিতিতেও কঠোর অনুশীলনের মাধ্যমে নিজেদের পারফরম্যান্সে উন্নতি করছেন নারী ফুটবলাররা। আনিকা বলেন, ‘আমরা দ্বিতীয় দিনের মতো অনুশীলন করছি। আবহাওয়া গরম হলেও আমরা ধীরে ধীরে মানিয়ে নিচ্ছি। প্রতিদিন পারফরম্যান্সে উন্নতি হেেচ্ছ।’ ভ্রমণ ক্লান্তি কাটিয়ে সিডনির ভ্যালেন্টাইন স্পোর্টস পার্কে নিয়মিত অনুশীলন করছে বাংলাদেশ দল। গতকাল বল পজিশন ও পাসিং নিয়ে কাজ করেছেন কোচ পিটার বাটলার।

অনুশীলনের শেষদিকে দুটি একাদশ সাজিয়ে ম্যাচ খেলিয়েছেন কোচ। এখানে ম্যাচের চাপ সামলানোর অনুশীলন করেছেন আফঈদারা। অনুশীলনে বাড়তি ঘাম ঝরিয়ে প্রস্তুতির ফাঁক পূরণ করতে চাচ্ছেন কোচ পিটার বাটলার। বাংলাদেশের মেয়েরা আগামী ২৭ ফেব্রুয়ারি এএফসি নির্ধারিত অফিশিয়াল হোটেলে উঠবেন। মূল প্রতিযোগিতা শুরু হবে ৩ মার্চ। উদ্বোধনী ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন চীনের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ৬ মার্চ উত্তর কোরিয়া এবং ৯ মার্চ উজবেকিস্তানের বিপক্ষে খেলবেন আফঈদা-আনিকারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights