আফগানিস্তানে ভূমিকম্পে নিহত বেড়ে ৮০০, আহত ২৫০০

অনলাইন ডেস্ক

আফগানিস্তানে উত্তর-পূর্বাঞ্চলের কুনার প্রদেশে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৮০০ জনে পৌঁছেছে। আহত হয়েছেন আরও ২ হাজার ৫০০ মানুষ। খবর আল-জাজিরার।

সোমবার এক সংবাদ সম্মেলনে আফগানিস্তান সরকারের মুখপাত্র মৌলভি জাবিহুল্লাহ মুজাহিদ জানান, ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৮০০ হয়েছে। আর আহতের সংখ্যা বেড়ে ২ হাজার ৫০০ জনে দাঁড়িয়েছে। এখনো উদ্ধার কাজ চলছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

এদিকে, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রবিবার রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্প হয়। এর উৎপত্তিস্থল ছিল জালালাবাদ থেকে ২৭ কিলোমিটার উত্তর-পূর্বে ভূপৃষ্ঠের ৮ কিলোমিটার গভীরে। এরপর থেকে অন্তত আরও তিনটি কম্পন হয়েছে। সেগুলোর মাত্রা ছিল ৪ দশমিক ৫ থেকে ৫ দশমিক ২-এর মধ্যে।

আফগানিস্তানের তথ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা আনাদোলুকে জানিয়েছেন, কুনার প্রদেশের নুর গাল, সাওকি, ওয়াটপুর, মানোগি এবং চাপা দারা জেলায় বেশি হতাহতের খবর পাওয়া গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights