আফ্রিকায় আসছে এশিয়া কাপের আদলে নতুন টি-টোয়েন্টি টুর্নামেন্ট

স্পোর্টস ডেস্ক
এশিয়া কাপের অনুকরণে ইউরোপে নেশন্স কাপ আয়োজনের আলোচনা চলার মধ্যেই এবার আফ্রিকাতেও মহাদেশভিত্তিক একটি বড় ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। সম্ভাব্য এই আসরের নাম হতে পারে ‘আফ্রিকা টি-টোয়েন্টি কাপ’।

আফ্রিকা ক্রিকেট অ্যাসোসিয়েশন (এসিএ) জানিয়েছে, সংস্থার কার্যক্রমে অর্থায়ন বাড়াতে টুর্নামেন্টটিকে বাণিজ্যিকভাবে সফল করার লক্ষ্যেই এই পরিকল্পনা নেওয়া হচ্ছে। গত বছর জিম্বাবুয়ে ক্রিকেটের প্রধান তাভেংওয়া মুকুলানিকে চেয়ারম্যান করার মাধ্যমে সংস্থাটির পুনর্গঠন সম্পন্ন হয়, এরপর থেকেই বিভিন্ন লাভজনক প্রস্তাব পর্যালোচনা করছে তারা।

তবে ২০২৭ সালের আগে এই টুর্নামেন্ট আয়োজনের সম্ভাবনা নেই বলে জানা গেছে। বর্তমানে দুটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা চলছে, আসরের উপযুক্ত সময় নির্ধারণ এবং অংশগ্রহণকারী দলগুলোর বাছাই প্রক্রিয়া।

বিশেষ করে দক্ষিণ আফ্রিকার অংশগ্রহণ এই টুর্নামেন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। মহাদেশের অন্যতম ব্যস্ত দল হওয়ায় তাদের আন্তর্জাতিক সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে সময় নির্ধারণ করতে হবে। ক্রিকেট সাউথ আফ্রিকা (সিএসএ) নীতিগতভাবে আগ্রহ দেখালেও তারা শক্তিশালী দল পাঠাতে পারবে কি না, তা নির্ভর করছে ভবিষ্যৎ সফর সূচির ওপর।

বর্তমান সূচি অনুযায়ী, সেপ্টেম্বর থেকে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত দক্ষিণ আফ্রিকার ব্যস্ত আন্তর্জাতিক সূচি রয়েছে। নতুন এফটিপি (ফিউচার ট্যুর প্রোগ্রাম) চূড়ান্ত হওয়ার পরই বিষয়টি পরিষ্কার হবে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে, জিম্বাবুয়ের ভিক্টোরিয়া ফলসে মোসি-ও-তুনিয়া আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের উদ্বোধন উপলক্ষে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের পরিকল্পনা চলছে। এতে দক্ষিণ আফ্রিকা ও নামিবিয়ার অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। আগামী আগস্টে অনুষ্ঠিত হতে পারে এই সিরিজ, যা ভবিষ্যৎ আফ্রিকা কাপের প্রস্তুতিমূলক আসর হিসেবে বিবেচিত হচ্ছে। প্রয়োজনে এটি ওয়ানডে সংস্করণেও আয়োজন করা হতে পারে, বিশেষ করে আসন্ন ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতির জন্য।

উল্লেখ্য, আগামী বছর দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়া যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights