আবহমান বাংলার ঐতিহ্য তুলে ধরে মুন্সীগঞ্জে পহেলা বৈশাখ উদযাপন

ঋতু পরিক্রমায় পুরনো দিনের জীর্ণতা শেষে নতুন বছরকে বরণ করে নিতে নানা আয়োজন করেছে মুন্সীগঞ্জ জেলা প্রশাসন। বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপনে হাজারো মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে মুন্সীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে মঙ্গল শোভাযাত্রা।

রবিবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে এই শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে জেলা শিল্পকলা একাডেমি সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন এসে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গ্রামীণ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক। মেলায় গ্রামীণ ঐতিহ্য তুলে ধরে মৃৎশিল্পী, জামদানী শাড়ি, শিতল পার্টি,স্নেহা বুটিকস,নারগিছ নকশিকাঁথা,পিঠাঘরসহ বিভিন্ন স্টল বসেছে।

জেলা প্রশাসক মো. আবু জাফর রিপনের নেতৃত্বে এতে মুক্তিযোদ্ধা, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। শোভাযাত্রাটিতে বাংলা বিভিন্ন ঐতিহ্য তুলে ধরে সৌন্দর্য বৃদ্ধিকরণে অগ্রণী ভূমিকা রাখেন জেলা প্রশাসক মো. আবু জাফর রিপন ।
এবারের শোভাযাত্রায় আবহমান বাংলার ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে সাম্প্রতিক ঘটনাপ্রবাহের প্রতীকী উপস্থাপনের নানান বিষয় স্থান পেয়েছে। এছাড়াও রঙ-তুলির আঁচড়ে আঁকা বাঘ, সিংহসহ নানা রকমের মুখোশের দেখা মিলেছে। শোভাযাত্রা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে প্রঙ্গণে।

এদিকে, নতুন বছরকে বরণে পান্তা-ইলিশের আয়োজন করা হয় জেলা প্রশাসকের বাস ভবনে। সেখানে জেলার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ছাড়াও সর্বস্তরের মানুষ যোগ দেন। এদিন, মঙ্গল শোভাযাত্রা ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয় পুরো এলাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights