আবারও আদম তমিজী হককে রিহ্যাবে পাঠাল ডিবি

অনলাইন ডেস্ক

মানসিক স্বাস্থ্যের চিকিৎসার জন্য আবারও ব্যবসায়ী আদম তমিজী হককে রিহ্যাব সেন্টারে পাঠানো হয়েছে। এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন স্ট্যাটাস দেওয়ার বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা জানান ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আদম তমিজী হক বিভিন্ন কথা লিখছিলেন। এ কারণে তার বিরুদ্ধে ডিএমপির দক্ষিণখান থানায় একটি মামলা হয়। এ মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রেফতার করা হয়েছিল। তাকে গ্রেফতারের পর তার আচরণ ও কথা বার্তায় তার সুস্থতার বিষয় নিয়ে প্রশ্ন দেখা দেয়। এছাড়া আদম তমিজী হক মাদকাসক্ত হওয়ায় তাকে মাদক নিরাময় কেন্দ্র বা রিহ্যাবে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। তাকে রিহ্যাবে ভর্তি করানোর বিষয়ে আদালতে জানানো হয়, এলোমেলো কথা বার্তায় ডিবির মনে হয়েছে তার আরও চিকিৎসার প্রয়োজন। পরে আদালতের নির্দেশে জাতীয় মানসিক হাসপাতালে তাকে চিকিৎসার জন্য পাঠানো হয়।
আদম তমিজীর জন্য মানসিক হাসপাতালে ৯ বিশেষজ্ঞ চিকিৎসককে নিয়ে গঠিত বোর্ডের সামনে তাকে হাজির করা হয়। বোর্ডের সদস্যরা তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে একটা মতামত দিয়েছেন, যা আদালতে জানানো হবে বলেও জানান ডিবির অতিরিক্ত কমিশনার।

বোর্ডের সদস্যরা কী মত দিয়েছেন, জানতে চাইলে ডিবিপ্রধান বলেন, তিনি এখনো মানসিকভাবে সুস্থ নন। তাকে আবারও রিহ্যাবে পাঠাতে হবে। সেখানে তাকে আরও চিকিৎসা দিতে হবে।

এর আগে গত ৯ ডিসেম্বর রাতে রাজধানীর গুলশানের নিজ বাসা থেকে আদম তমিজী হককে গ্রেফতার করে ডিবি। এরপর ১০ ডিসেম্বর তাকে রিহ্যাব সেন্টারে পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights