আবারও পাঁচ দিনের রিমান্ডে গোলাম দস্তগীর

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর বিরুদ্ধে আবারও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে। নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় দায়ের করা পারভেজ হত্যা মামলায় তার বিরুদ্ধে এই রিমান্ড মঞ্জুর করা হয়।

বুধবার বিকেলে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে উঠানো হলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালত উভয় পক্ষের শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ নিয়ে তাকে তৃতীয় দফায় রিমান্ডে নেয়া হয়েছে।

মামলার আইনজীবী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, ফতুল্লা থানার দায়ের করা পারভেজ হত্যা মামলায় গোলাম দস্তগীর গাজীকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে উঠানো হয়েছিল। আদালত উভয় পক্ষের শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলায় উল্লেখ করা হয়, গত ১৯ জুলাই বিকেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশে সাবেক সংসদ সদস্য শামীম ওসমান, নজরুল ইসলাম, গোলাম দস্তগীর গাজী এবং শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমান, শ্যালক তানভীর আহমেদসহ (টিটু) ১৭৮ জন এবং অজ্ঞাতনামা আরও ৮০ জন আন্দোলনকারী ছাত্রছাত্রীদের ওপর ঝাঁপিয়ে পড়েন। শামীম ওসমানের নির্দেশে আসামিরা ককটেল বিস্ফোরণ ও গুলি করেন। পারভেজ ওই স্থান অতিক্রম করার সময় অয়ন ওসমান অস্ত্র দিয়ে গুলি করেন। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ গিয়ে ছেলের মরদেহ শনাক্ত করেন বাদী।

এর আগে গত ১ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের আড়াইহাজারের নিহত শফিকুল ইসলাম শফিক ও বাবুল হত্যা মামলায় তিন দিন করে মোট ৬ দিনের রিমান্ড নেয়া হয়েছিল নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে।

তার আগে গত ২৫ আগস্ট দিবাগত রাতে রাজধানীর শান্তিনগর বাসা থেকে গোলাম দস্তগীর গাজীকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। পরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে রূপগঞ্জে গুলিতে নিহত দশম শ্রেণির ছাত্র রোমান মিয়া হত্যা মামলায় ছয় দিনের রিমান্ড নিয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights