আবারও বিএমডিএ’র চেয়ারম্যান আখতার জাহান
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
প্রবীণ আওয়ামী লীগ নেত্রী, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য বেগম আখতার জাহানকে আবারও বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব ড. আশরাফুল আলম প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পূর্বের নিয়োগের ধারাবাহিকতায় দ্বিতীয় মেয়াদে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে দুই বছরের জন্য বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে পুনরায় নিয়োগ প্রদান করা হলো।
বেগম আখতার জাহান ২০২১ সালে প্রথম দুই বছরের জন্য বিএমডিএ’র চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছিলেন। তার মেয়াদকালে বিএমডিএ’র দীর্ঘদিনের পদোন্নতি জটিলতা কাটে। এছাড়া অর্গানোগ্রাম তৈরির উদ্যোগ নেওয়া হয়। গত ১০ জুন তার মেয়াদ শেষ হয়েছিল। এরপর নতুন কাউকে নিয়োগ দেওয়া হয়নি। রবিবার আবারও তাকে নিয়োগ দেওয়া হলো।
