আবার মার্কিন এফ-৩৫ প্রকল্পে ফেরার আর্জি এরদোয়ানের

অনলাইন ডেস্ক

আবারও তুরস্ককে এফ-৩৫ যুদ্ধবিমান কর্মসূচিতে যুক্ত করার আহ্বান জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। ন্যাটো জোটের নিরাপত্তা জোরদার এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের কথা উল্লেখ করে তিনি এই আহ্বান জানান।

ব্লুমবার্গকে দেওয়া সাক্ষাৎকারে এরদোয়ান বলেন, যে বিমানগুলোর জন্য তুরস্ক ইতিমধ্যে অর্থ পরিশোধ করেছে, সেগুলো বুঝে পাওয়া এবং এই কর্মসূচিতে পুনরায় অন্তর্ভুক্ত হওয়া এখন সময়ের দাবি।

এরদোয়ান বলেছেন, প্রায় এক দশক আগে রাশিয়ার কাছ থেকে সামরিক সরঞ্জাম কেনার অজুহাতে তুরস্ককে এই কর্মসূচি থেকে বাদ দেওয়া হয়েছিল। এটা ছিল অত্যন্ত অন্যায্য একটি সিদ্ধান্ত।

সম্প্রতি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর বৈঠকের কথা উল্লেখ করে তিনি বলেন, ট্রাম্পের পুনরায় ক্ষমতায় ফেরা আঙ্কারা ও ওয়াশিংটনের মধ্যকার সম্পর্ককে আরও যুক্তিসঙ্গত ও গঠনমূলক ভিত্তির ওপর দাঁড় করানোর সুযোগ তৈরি করেছে।

একই সঙ্গে যুক্তরাষ্ট্রের কাছ থেকে এফ-১৬ ব্লক ৭০ যুদ্ধবিমান ক্রয়ের বিষয়েও কথা বলেন এরদোয়ান। তিনি আশা প্রকাশ করেন, ন্যাটো জোটের আদর্শ অনুযায়ী এই ক্রয় প্রক্রিয়া সম্পন্ন হবে। এফ-৩৫ ইস্যুর পাশাপাশি তিনি যুক্তরাষ্ট্রের আদালতে তুরস্কের রাষ্ট্রীয় হাল্কব্যাংকের বিরুদ্ধে চলমান মামলাটিকে বিভ্রান্তিকর হিসেবে অভিহিত করেন। সেই সঙ্গে এর ন্যায়সঙ্গত আইনি সমাধানের প্রত্যাশা ব্যক্ত করেন।

দ্বিপাক্ষিক জ্বালানি সম্পর্কের ওপর গুরুত্বারোপ করে তুর্কি প্রেসিডেন্ট জানান, তুরস্ক বর্তমানে যুক্তরাষ্ট্র থেকে উল্লেখযোগ্য হারে এলএনজি বা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানি করছে। এটি মার্কিন সরবরাহ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। সবশেষে তিনি বলেন, তুরস্ক সব সময় তাদের জাতীয় স্বার্থ এবং জ্বালানি নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেই আন্তর্জাতিক পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ করে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights