আবার মাহির ভিডিও, ‘দল বদলালে নমিনেশন কনফার্ম’
বিনোদন প্রতিবেদক
বিচ্ছেদের পর বেশ ফুরফুরে মেজাজে আছেন ঢালিউড তারকা মাহিয়া মাহি। অন্তত কদিন পর পর ফেসবুকে পোস্ট করা নাচের ভিডিও সে কথাই বলছে। বন্ধু-বান্ধবের সঙ্গে সুন্দর সময়ও কাটাচ্ছেন তিনি। শুধু তাই নয়, নতুন উদ্যোমে কাজে ফিরতে প্রস্তুত এই অভিনেত্রী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেড় মিনিটের একটি ভিডিও প্রকাশ করে নতুন করে আলোচনা জন্ম দিয়েছিলেন মাহি। অনুসারীদের কেউ কেউ সেখানে উৎসাহ দিয়েছেন তাকে। কেউ দিয়েছেন বুদ্ধিদীপ্ত পরামর্শ।
তিন দিন আগে ফেসবুকে পোস্ট করা এক ভিডিও নিয়ে বিপুল সমালোচনার মুখে পড়েছিলেন মাহি। সেসব সমালোচনায় উল্টো উৎসাহ বেড়ে যায় অভিনেত্রীর। গতকাল আবারও নতুন একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। সেখানে মন্তব্য করে তাকে উৎসাহ দিচ্ছেন অনুসারীরা। যদিও মাহির ওই পোস্টে মন্তব্য করার সুযোগ কারিগরি উপায়ে সীমিত রেখেছেন এই অভিনেত্রী।
মাহির আগের ভিডিওটি ছিল শার্ট-প্যান্ট পরে নাচ করার। এবার মাহি ভিডিও করলেন শাড়ি পড়ে। দেড় মিনিটের ওই ভিডিওতে বেশ আবেদনময়ী রূপে হাজির হয়েছেন এই ঢালিউড তারকা। তবে এবার আর শরীরচর্চার মুদ্রা নয়, যেন নাচের মুদ্রায় হাজির হয়েছেন তিনি। নতুন ভিডিওটি প্রকাশ করে মাহি লিখেছেন, ‘এভাবেই নেচে নেচে আমি ফটোশুট করি।’
