আবু সাঈদ হত্যা মামলায় দুই পুলিশ চারদিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরে কোটা সংস্কার আন্দোলন চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত আবু সাঈদ হত্যা মামলায় গ্রেফতার দুই পুলিশ সদস্যের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তারা হলেন, তাজহাট মেট্রোপলিটন থানার এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

মঙ্গলবার সকালে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে রংপুর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২ এ ওই দুই পুলিশ সদস্যকে নেয়া হলে পিবিআই পুশিলের পক্ষ থেকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। রিমান্ডের শুনানি শেষে বিচারক আসাদুজ্জামান চার দিন মঞ্জুর করেন। এর আগে সোমবার আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রংপুর মেট্রোপলিটন পুলিশের ওই দুই সদস্যকে গ্রেফতার করে পিবিআইতে হস্তান্তর করা হয়।

গত ১৬ জুলাই দুপুরে কোটা সংস্কার আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেটের সামনে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশের গুলিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাঈদ নিহত হন। এ ঘটনায় গত ১৮ আগস্ট রংপুরের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদের আদালতে হত্যা মামলাটি করেন নিহত আবু সাঈদের বড় ভাই রমজান আলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights