আমরা জয়ী হয়েছি, যুদ্ধ বন্ধে আলোচনা চলছে : ট্রাম্প

অনলাইন ডেস্ক

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র বিজয়ী হয়েছে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে দীর্ঘ আলাপচারিতায় ট্রাম্প বলেন, আমরা এই যুদ্ধ জয়ী হয়েছি। তিনি জানান, যুক্তরাষ্ট্র এখন ইরানের সঙ্গে সরাসরি আলোচনায় রয়েছে এবং তেহরান একটি চুক্তি করতে ‘খুবই আগ্রহী’।

ট্রাম্পের ভাষায়, আমরা সঠিক লোকদের সঙ্গে কথা বলছি। তারা খুবই চায় একটি সমঝোতা হোক। তিনি দাবি করেন, আলোচনার অংশ হিসেবে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি ত্যাগে রাজি হয়েছে। যদিও এ বিষয়ে ইরানের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

একই সঙ্গে ট্রাম্প জানান, আলোচনায় তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা যুক্ত আছেন। এর মধ্যে রয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফ এবং উপদেষ্টা জারেড কুশনার।

ট্রাম্প আরও বলেন, সাম্প্রতিক হামলায় ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী ও যোগাযোগ ব্যবস্থা কার্যত ধ্বংস হয়ে গেছে।

হরমুজ প্রণালি নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন ট্রাম্প। তার দাবি, এই গুরুত্বপূর্ণ জ্বালানি রুট নিয়ে ইরান যুক্তরাষ্ট্রকে একটি ‘খুব গুরুত্বপূর্ণ সুবিধা’ দিয়েছে। তবে বিস্তারিত কিছু জানাননি।

এদিকে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার ফলে ইরানে কার্যত নেতৃত্বে পরিবর্তন এসেছে। তবে নতুন নেতৃত্ব সম্পর্কে তিনি সতর্ক মন্তব্য করে বলেন, ‘আমি কাউকে বিশ্বাস করি না।’

যুদ্ধবিরতি বা সংঘাতের শেষ কীভাবে হবে—এ বিষয়ে স্পষ্ট কিছু বলেননি ট্রাম্প। তবে তিনি জানান, আগে তিনি যুদ্ধবিরতিতে আগ্রহী না থাকলেও এখন ইরান ‘যুক্তির সঙ্গে কথা বলছে’, তাই পরিস্থিতি বদলেছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময় গণমাধ্যমে মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন সেনা মোতায়েনের সম্ভাবনার খবর এলেও, এ বিষয়ে ট্রাম্প কোনো মন্তব্য করেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights