‘আমরা দেখিয়েছি সেরাদের সঙ্গে প্রতিযোগিতা করতে পারি’
অনলাইন ডেস্ক
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আবারও চমকে দিল নামিবিয়া। নিয়মিত দলের বেশির ভাগ খেলোয়াড়কে বিশ্রামে রেখে খেলতে নামা প্রোটিয়াদের ১৮ রানে হারিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে দারুণ শুরু করেছে স্বাগতিকরা। এই জয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টিতে অপরাজেয় থাকার রেকর্ড অক্ষুণ্ণ রাখল গেরহার্ড এরাসমাসের দল। ম্যাচে নামিবিয়ার জয়ের নায়ক পেসার রুবেন ট্রাম্পেলমান, যিনি বিপজ্জনক ডিওয়াল্ড ব্রেভিসসহ তুলে নিয়েছেন ৩ উইকেট।
উইন্ডহোকে শুক্রবার টস জিতে প্রথমে ব্যাট করে নামিবিয়া। লুরেন স্টিনক্যাম্প ও জ্যান ফ্রাইলিঙ্কের ৮৪ রানের জুটি ভাঙে দশম ওভারে। ২৯ বলে ৪১ রানে প্রোটিয়াদের নতুন অধিনায়ক বিয়র্ন ফোরটুইনের শিকার হন স্টিনক্যাম্প। ৩৮ বলে ৬ চার ও ২ ছয়ে ৬০ রান করেন ফ্রাইলিঙ্ক। তারপর ১৩৩ রানের মধ্যে দল ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়ে। শেষের আগের ওভারে টানা দুটি উইকেট হারায় নামিবিয়া। রুবেন ট্রাম্পেলম্যান ৬ বলে ১২ রানের ক্যামিও ইনিংস খেলে দলীয় স্কোর ১৬৩ রানে নিয়ে যান।
লক্ষ্য তাড়া করতে নেমে পরপর দুই ওভারে দলীয় ২৪ রানের মধ্যে দুই ওপেনার জর্ডান হারমান ও লুয়ান দ্রে প্রিটোরিয়াস প্যাভিলিয়নে ফেরেন। ডেওয়াল্ড ব্রেভিস একপ্রান্ত আগলে রাখলেও অন্য প্রান্তে থিতু হতে পারছিলেন না কেউ। বাকিদের ব্যর্থতায় ব্রেভিসের ঝড় যথেষ্ট হয়নি দক্ষিণ আফ্রিকাকে জয় এনে দিতে। শেষ পর্যন্ত ১৪৫ রানে থামে প্রোটিয়ারা।
জয়ের পর গতবছর দক্ষিণ আফ্রিকাকে হারানোর কথা মনে করান নামিবিয়া অধিনায়ক। গেরহার্ড এরাসমাস বলেন, এটা (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়) খুবই গুরুত্বপূর্ণ, এটা প্রমাণ করে যে আমরা এই পর্যায়ের এবং আগের জয় বা বড় জয়গুলো কোনো আকস্মিক ঘটনা ছিল না।
টি-টোয়েন্টি বিশ্বকাপে আগেই চমক দেখিয়েছে নামিবিয়া। গতবছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠেও জয় পেয়েছিল তারা।
এ নিয়ে তাদের অধিনায়ক বলেন, শুধু বিশ্বকাপে না আমরা দেখিয়েছি যে ঘরের মাঠেও আমরা ধারাবাহিক হতে পারি এবং সেরাদের সঙ্গে প্রতিযোগিতা করতে পারি।
সবাই নিজ নিজ দায়িত্ব পালন করায় দলগত পারফরম্যান্সে জিতেছে নামিবিয়া এমনটাই মনে করে এরাসমাস।
তিনি বলেন, পাওয়ারপ্লেতে ব্যাটাররা ভালো করেছে, বোলাররাও খেলায় নিজেদের মানিয়ে নিয়েছে। বোলারদের কৃতিত্ব দিতেই হয়, কারণ ব্রেভিস তাদের হয়ে দলকে ধরে রেখেছিল। প্রত্যেকেই নিজ নিজ ভূমিকা পালন করেছে, যা দলটিকে হারানো কঠিন করে তুলেছে।
তবে এক জয় নিয়েই সন্তুষ্ট নয় নামিবিয়া। এই সিরিজের ট্রফিজয়ের লক্ষ্য তাদের।
