‘আমরা মাথা নত করব না, ওয়াকফ আইন বাতিল না হওয়া পর্যন্ত প্রতিবাদ চলবে’

অনলাইন ডেস্ক

ভারতে বিতর্কিত ওয়াক্ফ (সংশোধনী) আইনের প্রতিবাদে হায়দরাবাদে এক বিশাল বিক্ষোভ সমাবেশ হয়েছে। ভারতের অন্যতম বৃহৎ মুসলিম সংগঠন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের উদ্যোগে গত শনিবার দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর হায়দরাবাদে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভে কংগ্রেস, ভারত রাষ্ট্র সমিতি, ওয়াইএসআর কংগ্রেস পার্টি ও দ্রাবিড় মুনেত্র কড়গমসহ বেশ কয়েকটি দলের সদস্য ও হাজার হাজার মানুষ অংশ নেন। এসময় হায়দরাবাদে ওয়াক্ফ (সংশোধনী) আইনের বিরুদ্ধে ধারাবাহিক প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম)-এর সভাপতি ও সংসদ সদস্য আসাদউদ্দিন ওয়াইসি। এই প্রতিবাদ কর্মসূচিকে “ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে ঐক্যের প্রতীক” আখ্যায়িত করে তিনি বলেন, “এই আইন শুধুমাত্র মুসলিমদের নয়, বরং ভারতের সংবিধান ও সব ধর্মাবলম্বীর অধিকারের বিরুদ্ধে। আমরা কখনো মাথা নত করব না, এই আইন বাতিল না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ প্রতিবাদ চলবে।”

ওয়াইসি আরও জানান, আন্দোলনকে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে দেশব্যাপী ধারাবাহিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে—৩০ এপ্রিল: রাত ৯টায় প্রতীকী ব্ল্যাকআউট, সকল বাড়িতে আলো নিভিয়ে প্রতিবাদ। ১৮ মে শহর পর্যায়ে গোলটেবিল বৈঠক এবং পরবর্তী সময়ে সব জেলায় অনুরূপ বৈঠক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, ২২ মে ঈদগাহ বিলালি হকি গ্রাউন্ডে নারী জনসমাবেশ, ২৫ মে হায়দরাবাদজুড়ে মানববন্ধন (বিকেল ২টা থেকে আড়াইটা পর্যন্ত), ১ জুন শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি।

ওয়াইসি বলেন, “এই আন্দোলন আমাদের পরিচয়, অধিকার ও অস্তিত্ব রক্ষার লড়াই। যারা আমাদের দুর্বল করতে চায়, ইতিহাসে তারা নিজেরাই বিলুপ্ত হয়ে যাবে। আমরা ঐক্যবদ্ধ থাকব, প্রতিবাদ চালিয়ে যাব।”

তিনি আরো বলেন, ‘সংসদে যখন আমি আইনটি নাকচ করেছিলাম, তখন আমি তা করেছি সব ধর্মের সেই ভাই-বোনদের পক্ষ থেকে, যারা একই ধরনের কঠোর আইনে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।’ সূত্র : দি ইন্ডিয়ান এক্সপ্রেস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights