আমার ব্রাজিল রিয়াল মাদ্রিদের মতো খেলবে: আনচেলত্তি

অনলাইন ডেস্ক

ষষ্ঠ বিশ্বকাপ জয়ের মিশনে নতুন যুগে পা রাখছে ব্রাজিল। আর এই ঐতিহাসিক দায়িত্ব এখন এক কিংবদন্তির কাঁধে—কার্লো আনচেলত্তি। ৬৫ বছর বয়সে এই প্রথম কোনো জাতীয় দলের দায়িত্ব নিয়েছেন সফলতম ক্লাব কোচদের একজন। লক্ষ্য একটাই—দীর্ঘদিন ট্রফিশূন্য থাকা সেলেকাওদের আবার শীর্ষে তোলা।

ব্রাজিলকে জাগিয়ে তুলতে নিজের পরীক্ষিত কৌশলকেই কাজে লাগাতে চান আনচেলত্তি। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কাকে দেওয়া সাক্ষাৎকারে আনচেলত্তি বলেছেন, ‘আমার ব্রাজিল দল রিয়াল মাদ্রিদের মতো খেলবে। তবে এ বছরের রিয়াল মাদ্রিদের মতো নয়। গত বছরের রিয়াল মাদ্রিদের মতো। আমি এটাই চাই।’

তার কৌশলের মূলে থাকবে ২০২৩-২৪ মৌসুমের রিয়ালের খেলার ধরণ, যেখানে ছিল গতি, ভারসাম্য, রক্ষণে দৃঢ়তা আর আক্রমণে নিখুঁত রূপান্তর।

ব্রাজিল সবশেষ বিশ্বকাপ জিতেছে ২০০২ সালে। ২০০৯ সালের পর দেশের বাইরে কোনো টুর্নামেন্টে সেমিফাইনালে উঠতে পারেনি রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে এই দলকেই চূড়ায় ফেরানোর ব্যাপারে আশাবাদী আনচেলত্তি।

তিনি বলেন, ‘ব্রাজিল বিশ্বের সেরা জাতীয় দল। এটা আমার কথা নয়, তাদের জার্সির পাঁচটি তারকাই এটা বলে। অন্য কোনো জাতীয় দলের তা নেই। এখন আমার সামনে ব্রাজিলে ষষ্ঠ বিশ্বকাপ ট্রফি নিয়ে আসার চ্যালেঞ্জ, যা আমি সাদরে গ্রহণ করেছি। তবে বিশ্বকাপ জিততে হলে পুরো জাতিকে আমাদের পেছনে থাকতে হবে। খেলোয়াড়দের বিনয়ী হতে হবে ও ঐক্যবদ্ধ থাকতে হবে। নম্রতা ছাড়া আপনি কিছু করতে পারবেন না।’

আনচেলত্তির অভিজ্ঞতা, কৌশল আর নেতৃত্বের ছোঁয়ায় আবারও বিশ্ব ফুটবলের রাজত্বে ফেরার স্বপ্ন দেখছে ব্রাজিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights