আমিরাতের পর পাকিস্তান সিরিজও হারল বাংলাদেশ

অনলাইন ডেস্ক

গত সপ্তাহে সংযুক্ত আরব আমিরাতের মতো আনকোরা প্রতিপক্ষের বিপক্ষে সিরিজ হেরেছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এবার পাকিস্তানের বিপক্ষেও সিরিজ হারল টাইগাররা।

শুক্রবার টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে ৫৭ রানের বড় ব্যবধানে হেরেছে অধিনায়ক লিটন দাসের দল। টানা দুই হারে সিরিজ হেরে গেল বাংলাদেশ।

২০২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। তানজিদ হাসান তামিম ১৯ বলে ৩৩ রান করে আউট হলে পরে আর হাল ধরতে পারেননি কেউই। ব্যাট হাতে ব্যর্থ পারভেজ ইমন, লিটন দাস, জাকের আলিরা।

শেষ দিকে মেহেদী হাসান মিরাজের ২৩ এবং তানজিম হাসান সাকিবের ৩১ বলে ৫০ রানে ভর করে হারের ব্যবধান কিছুটা কমিয়ে আনে টাইগাররা। শেষ পর্যন্ত ১৪৪ রানে থামে বাংলাদেশের ইনিংস। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন আবরার আহমেদ।

এর আগে, রিশাদ হোসেন-হাসান মাহমুদদের সাদামাটা বোলিংয়ে বড় সংগ্রহ পায় পাকিস্তান। লাহোরে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০১ রান সংগ্রহ করে পাকিস্তান।

দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেন শাহিবজাদা ফারহান। বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট পেয়েছেন হাসান মাহমুদ ও তানজিম সাকিব।

এদিন দ্বিতীয় ওভারে রান আউট থেকে প্রথম উইকেটের দেখা পায় বাংলাদেশ। তৃতীয় রানের জন্য দৌড় শুরু করেছিলেন সাইম আইয়ুব। তবে রান হবে না বুঝতে পেরে ঘুরে দাঁড়ালেও হোঁচট খেয়ে পড়ে গেলেন। দ্বিতীয় ওভারের শেষ বলে প্রথম উইকেট হারায় পাকিস্তান।

১২ রানে প্রথম উইকেট হারালেও দ্বিতীয় উইকেট জুটিতে দলকে শক্ত ভিত গড়ে দেন মোহাম্মদ হারিস ও শাহিবজাদা ফারহান। হারিস করেন ২৫ বলে ৪১ রান। আর ফারহানের ব্যাট থেকে এসেছে ৪১ বলে ৭৪। এ ছাড়া অপরাজিত ফিফটি পেয়েছেন হাসান নাওয়াজ। শেষদিকে ১২ বলে ১৯ রান করেছেন সালমান আলি আগা। সবমিলিয়ে দুইশোর্ধ্ব রানের সংগ্রহ পায় পাকিস্তান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights