আমিরাতের পেট্রোকেমিক্যাল কারখানায় ইরানের হামলা

অনলাইন ডেস্ক
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ পেট্রোকেমিক্যাল কারখানায় হামলার ঘটনা ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। আমিরাত কর্তৃপক্ষ জানিয়েছে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হলেও ধ্বংসাবশেষ পড়ে আগুনের সূত্রপাত হয়।

রবিবার প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, আবুধাবির বোরুজ পেট্রোকেমিক্যাল কারখানার বিভিন্ন স্থানে আগুন লাগে ক্ষেপণাস্ত্রের ভগ্নাংশ থেকে। অগ্নিকাণ্ডের পর নিরাপত্তার স্বার্থে কারখানাটির উৎপাদন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

জাতীয় জরুরি সংকট ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় ভোর ৬টা ৪৪ মিনিটে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলা শনাক্ত করে এবং তা সফলভাবে প্রতিহত করে। এরপরই ধ্বংসাবশেষ থেকে আগুনের ঘটনা ঘটে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। একইসঙ্গে বাসিন্দাদের নিরাপদ স্থানে অবস্থান করতে এবং সরকারি নির্দেশনা অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

এদিকে, এর আগের দিন ইরানের খুজেস্তান প্রদেশের বিভিন্ন পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলার ঘটনা ঘটে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রাদেশিক রাজধানী আহভাজ-এর আশপাশে একাধিক বিস্ফোরণ ঘটে।

পরবর্তীতে মাহশাহর এলাকার পেট্রোকেমিক্যাল কারখানাতেও কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া যায়। এসব হামলায় ফজর-১, ফজর-২, রেজাল ও আমির কবিরসহ একাধিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

সূত্র: দ্য ট্রিবিউন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights