আমি কোনো ভুল করিনি: ট্রাম্প

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামাকে নিয়ে বর্ণবাদী ভিডিও পোস্ট করার জন্য ক্ষমা চাইতে অস্বীকৃতি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গতকাল শুক্রবার রাতে তাকে বহনকারী বিমান এয়ারফোর্স ওয়ানে এ কথা জানিয়েছেন তিনি।

ওই পোস্টের জন্য ক্ষমা চাইবেন কি না তা জানতে চাওয়া হলে ট্রাম্প স্পষ্টভাবে বলেন, ‘আমি কোনো ভুল করিনি’।

তিনি আরও বলেন, ‘আমি শুধু প্রথম অংশটাই দেখেছি… পুরো ভিডিওটি দেখিনি। ভিডিওটি পোস্ট করার জন্য কর্মীদের দিয়েছিলাম, কিন্তু তারাও পুরো ভিডিও দেখেনি।’

এ সময় তাকে আরও জানতে চাওয়া হয়— ভিডিওতে থাকা বর্ণবাদী চিত্রগুলোর তিনি সমালোচনা করেন কি না? ট্রাম্প উত্তর দেন, ‘অবশ্যই করি’।

ডোনাল্ড ট্রাম্প গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি ভিডিও পোস্ট করেন। ওই ভিডিওতে ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের কাছে ট্রাম্পের পরাজয়কে কেন্দ্র করে মিথ্যা ষড়যন্ত্র তত্ত্ব প্রচার করা হয়েছে। একই সঙ্গে ওবামা দম্পতিকে আদিম মানুষ হিসেবে দেখানো হয়। প্রায় এক সেকেন্ডের জন্য তাদের মুখ বানরের দেহের ওপর বসানোর দৃশ্য দেখানো হয়েছে।

বিষয়টি নিয়ে মার্কিন রাজনৈতিক পরিমণ্ডলে ক্ষোভের সৃষ্টি হয়। মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স, সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসসহ অনেকেই তীব্র সমালোচনা করেন। পরে তা সরিয়ে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

সূত্র: ইউরো নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights