আমূলে বদলে গেলেন এমবাপ্পে!
অনলাইন ডেস্ক
বিশ্বকাপের মঞ্চে নিজেকে আরও একবার নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন কিলিয়ান এমবাপ্পে। ফ্রান্সকে দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন করার লক্ষ্য নিয়ে মাঠে নামা এই তারকা খেলোয়াড় স্বীকার করেছেন যে, রিয়াল মাদ্রিদের হয়ে খেলা মৌসুমের তুলনায় জাতীয় দলের জার্সিতে তাকে আরও বেশি দায়িত্বশীল হতে হবে। বিশেষ করে বল পায়ে না থাকা অবস্থায় দলের রক্ষণভাগে তার অবদান বাড়ানোর প্রয়োজনীয়তা স্পষ্টভাবে উপলব্ধি করছেন তিনি।
সম্প্রতি ফরাসি গণমাধ্যম ‘লা পারিসিয়েন’-কে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে এমবাপ্পে অকপটে স্বীকার করেছেন যে, রক্ষণাত্মক লড়াইয়ে তাকে আরও এক ধাপ এগিয়ে আসতে হবে। তিনি বলেন, নিজের পারফরম্যান্স নিয়ে তিনি সবসময়ই কঠোর সমালোচক এবং এবার দলের স্বার্থে তিনি নিজের খেলার ধরনে পরিবর্তন আনতে প্রস্তুত।
তার এই উপলব্ধির পেছনে বড় ভূমিকা রেখেছেন তার ভাই ইথান, যার সঙ্গে নিয়মিতই রক্ষণাত্মক কাজের গুরুত্ব নিয়ে আলোচনা হয়। এমবাপ্পে বিনয়ের সঙ্গে মেনে নিয়েছেন যে, তার ভাইয়ের তুলনায় রক্ষণভাগে কাজের ক্ষেত্রে ইথান বেশি দক্ষ, আর এই গঠনমূলক সমালোচনা তাকে ভবিষ্যতে আরও পরিণত খেলোয়াড় হিসেবে গড়ে উঠতে সাহায্য করবে।
রিয়াল মাদ্রিদের হয়ে গত দুই মৌসুমে ১০৩ ম্যাচে ৮৬ গোল এবং ১২টি অ্যাসিস্ট করার পরও এমবাপ্পের বিরুদ্ধে বারবারই মাঠের খেলায় রক্ষণাত্মক কাজে কম সম্পৃক্ত থাকার অভিযোগ উঠেছে। তবে এই সমালোচনাকে তিনি ইতিবাচকভাবেই দেখছেন এবং বিশ্বকাপের মঞ্চে পুরনো অভ্যাসে বদল এনে দলকে জেতানোর লক্ষ্য স্থির করেছেন। ব্যক্তিগত অর্জনের চেয়ে জাতীয় দলের সাফল্যকে তিনি এখন বড় করে দেখছেন, এমনকি বিশ্বকাপের ট্রফি জিততে পারলে নিজের নামের পাশে কোনো গোল না থাকলেও তার কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন তিনি।
কাতার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার কাছে ট্র্যাজিক হারের ক্ষত আজও তাকে তাড়া করে ফেরে। সেই স্মৃতিচারণ করতে গিয়ে এমবাপ্পে বলেন, বিশ্বকাপের ফাইনাল হার সবসময়ই কষ্টের, বিশেষ করে পেনাল্টি শ্যুটআউটে পরাজিত হওয়াটা ছিল অত্যন্ত নিষ্ঠুর। তবে ভাগ্য নয়, বরং পেনাল্টিকে তিনি একটি টেকনিক্যাল দক্ষতা হিসেবেই দেখেন এবং সেই তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবারের মিশনে কোনো ঘাটতি রাখতে চান না তিনি।
সূত্র: মার্কা
