আয়কর আপীলাত ট্রাইবুন্যালে প্রায় এক যুগ পর দুজন জেলা জজের যোগদান

নিজস্ব প্রতিবেদক
অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীনস্থ আয়কর আপীলাত ট্রাইবুন্যালে সদস্য হিসেবে প্রায় এক যুগ পর দুজন জেলা জজ যোগদান করেছেন। কর্মরত ও অবসরপ্রাপ্ত কর কমিশনার, জেলা জজ, চাটার্ড অ্যাকাউন্টট্যান্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্টে অ্যাকাউন্টট্যান্ট, অ্যাডভোকেট ও কর আইনজীবীগণকে আয়কর আপীলাত ট্রাইবুন্যাল সদস্য পদে নিয়োগ দেওয়ার বিধান থাকলেও দীর্ঘদিন ধরে শুধু কর্মরত কর কমিশনারগণ এ দায়িত্ব পালন করে আসছিলেন।

আয়কর আইন অনুযায়ী কর ক্যাডার বহির্ভূত পেশাজীবীগণকে আয়কর আপীলাত ট্রাইবুন্যালের সদস্য নিয়োগের জন্য করদাতাগণ অনেক দিন ধরে দাবি জানিয়ে আসছিলেন। ২০১৩-২০১৪ অর্থ বছরের পর কোনো বিচার বিভাগীয় কর্মকর্তা আয়কর আপীলাত ট্রাইবুন্যালে নিয়োগ পাননি। প্রায় এক যুগ পর তারা আবার এ পদে নিয়োগ পেলেন।

নিয়োগপ্রাপ্ত জেলা জজ মোহাম্মদ সামছুল হক ২২তম বিসিএস এর মাধ্যমে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসে যোগদান করেন এবং জেলা ও দায়রা জজ পদে পদোন্নতিপ্রাপ্ত হয়ে যশোর জেলার বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) হিসেবে কাজ করেন। ইতোপূর্বে তিনি বিভিন্ন জেলায় দেওয়ানী ও ফৌজদারি মামলাসহ দুর্নীতি দমন কমিশনের মামলা পরিচালনা করার পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে দায়িত্ব পালন করেছেন। ইসলামী বিশ্ববিদ্যালয় হতে আইনে প্রথম শ্রেণিতে সম্মান ও প্রথম শ্রেনীতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন তিনি।
মোহাম্মদ আনিসুর রহমান ২৪তম বিসিএস এর মাধ্যমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসে যোগদান করেন যিনি ইতোপূর্বে জেলা ও দায়রা জজ পদে পদোন্নতিপ্রাপ্ত হয়ে ময়মনসিংহ জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচারকের দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি মাঠ পর্যায়ের বিভিন্ন পদে বিচারিক দায়িত্ব পালন করেছেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় হতে আইনে প্রথম শ্রেণিতে সম্মান ও মাস্টার্স ডিগ্রি এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ ইয়র্ক হতে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগ মনে করে এ নিয়োগের মাধ্যমে আয়কর আপীলাত ট্রাইব্যুনালের কার্যক্রম অধিকতর গতিশীল হবে, আয়কর বিভাগের প্রতি করদাতাগণের আস্থা বৃদ্ধি পাবে এবং দেশের রাজস্ব আদায়ে ইতিবাচক ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights