আয়ারল্যান্ডে ২০০ বছরের পুরোনো দুর্গ কিনলেন জাকারবার্গ

অনলাইন ডেস্ক

আয়ারল্যান্ডে প্রায় ২০০ বছরের পুরোনো একটি ঐতিহাসিক দুর্গ কিনেছেন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ ও তাঁর স্ত্রী প্রিসিলা চ্যান। গথিক স্থাপত্যের ‘স্ট্র্যানক্যালি ক্যাসল’ নামের এই প্রাসাদটি ৪৪০ একর জমির ওপর অবস্থিত। তবে সম্পত্তিটির ক্রয়মূল্য প্রকাশ করা হয়নি।

গত বৃহস্পতিবার জাকারবার্গের মুখপাত্র ব্রায়ান বেকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জাকারবার্গ ও তাঁর পরিবার ঐতিহাসিক বাড়িটির যত্ন নেওয়ার সুযোগ পেয়ে আনন্দিত। আয়ারল্যান্ডে সময় কাটানোর জন্যও তাঁরা আগ্রহী। দেশটিতে মেটার আন্তর্জাতিক সদর দপ্তর রয়েছে।

ব্ল্যাকওয়াটার নদীর তীরে অবস্থিত স্ট্র্যানক্যালি ক্যাসল তিনতলা এবং এর আয়তন প্রায় ১৬ হাজার বর্গফুট। সম্পত্তিটির আনুষ্ঠানিক বিক্রয়মূল্য জানা না গেলেও এর আনুমানিক মূল্য ২ কোটি ৩০ লাখ থেকে ৩ কোটি ৫০ লাখ মার্কিন ডলারের মধ্যে বলে ধারণা করা হচ্ছে।

ডাবলিন থেকে প্রায় ১২৫ মাইল দূরে অবস্থিত প্রাসাদটি জাকারবার্গ ও তাঁর পরিবারের আয়ারল্যান্ড সফরের সময় আবাস হিসেবে ব্যবহৃত হবে। জাকারবার্গের পরিবার মূলত যুক্তরাষ্ট্রে বসবাস করলেও আয়ারল্যান্ডে মেটার গুরুত্বপূর্ণ কার্যক্রম থাকায় দেশটিতে তাঁদের নিয়মিত যাতায়াত রয়েছে।

প্রায় দুই শতকের ইতিহাস
স্ট্র্যানক্যালি ক্যাসল নির্মিত হয় ১৮২৭ থেকে ১৮৩০ সালের মধ্যে। তৎকালীন ব্রিটিশ রাজনীতিবিদ জন কেলির জন্য স্থপতি জেমস ও জর্জ রিচার্ড পেইন এর নকশা করেন। বেলেপাথর ও চুনাপাথরের কারুকাজে নির্মিত প্রাসাদটি আয়ারল্যান্ডের ঐতিহাসিক স্থাপত্যের অন্যতম নিদর্শন হিসেবে বিবেচিত।

অর্থদাতা মাইকেল অ্যালেন-বাকলির পরিবার গত ২৫ বছরে প্রাসাদটির একাধিকবার সংস্কার করেছে। বর্তমানে এটি সরকারের তালিকাভুক্ত সংরক্ষিত স্থাপত্য হিসেবে রয়েছে।

প্রাসাদটির বিলাসবহুল নকশা ও বিশাল পরিসর নিয়ে ‘দ্য হাউসেস অব আয়ারল্যান্ড’ বইয়েও আলোচনা করা হয়েছে। লেখক ব্রায়ান ডি ব্রেফনি ও রোজমেরি ফোলিয়টের বর্ণনা অনুযায়ী, প্রাসাদটির রান্নাঘর থেকে ডাইনিং রুমে হেঁটে যেতে প্রায় সাড়ে চার মিনিট সময় লাগে।

বিপুল আয়তন, ঐতিহাসিক গুরুত্ব ও স্থাপত্যশৈলীর কারণে স্ট্র্যানক্যালি ক্যাসলকে আয়ারল্যান্ডের উল্লেখযোগ্য ব্যক্তিগত সম্পত্তিগুলোর একটি হিসেবে ধরা হয়। এবার সেই ঐতিহাসিক প্রাসাদের নতুন মালিক হলেন বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি উদ্যোক্তা মার্ক জাকারবার্গ।

সূত্র: উইয়ন নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights