আরব আমিরাতে ২০টি যানবাহনের সংঘর্ষ, আহত ৯

অনলাইন ডেস্ক

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহতে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় অন্তত ৯ জন আহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় ওয়ায়েব আল-হিন্না ও দিব্বা আল-ফুজাইরাহর মধ্যবর্তী সড়কে ১৬টি প্রাইভেটকার ও ৪টি ট্রাকের সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এতে পুরো সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর গালফ নিউজের।

দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই দিব্বা আল-ফুজাইরাহ পুলিশের টহল দল, ট্রাফিক পুলিশ, মাসাফি থানার ইউনিট এবং ন্যাশনাল অ্যাম্বুলেন্সের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা আহতদের উদ্ধার করে দ্রুত চিকিৎসা সেবা প্রদান করেন এবং যানজট নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখেন।

পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় নয়জন আহত হয়েছেন। এর মধ্যে আটজনের আঘাত হালকা এবং একজনের অবস্থা মাঝারি। সবাইকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, একটি গাড়িতে আগুন লাগার পর আশেপাশের গাড়িগুলো গতি কমিয়ে দিলে পেছন থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে অন্যান্য গাড়ির সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়।

ফুজাইরাহ পুলিশের সাধারণ কমান্ড সকল চালকদের প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন সর্বদা সতর্ক থাকে, গতিসীমা মেনে চলে এবং বিশেষ করে পাহাড়ি রাস্তা ও ব্যস্ত এলাকায় যানবাহনের মধ্যে নিরাপদ দূরত্ব বজায় রাখে।

সূত্র: গালফ নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights