আরমানিটোলায় বহুতল ভবনে আগুন; ১৭ জনকে নিরাপদে উদ্ধার
অনলাইন ডেস্ক
রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলা এলাকায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের সময় ফায়ার সার্ভিসের দ্রুত ও কার্যকর অভিযানে ঘটনাস্থল থেকে ১৭ জনকে নিরাপদে নামানো হয়।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোরে বাবুবাজারের হাজী টাওয়ার নামের ১৪ তলা ভবনের ছয়তলায় আগুন লাগে। সকাল পৌনে ৭টায় ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন নিয়ন্ত্রণে সদরঘাট ফায়ার স্টেশনের ২টি, সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৫ টি ও সূত্রাপুর ফায়ার স্টেশনের ২টিসহ মোট ৯ টি ইউনিট কাজ করে। সকাল ৭টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে চলে আসে। আগুন সম্পূর্ণ নির্বাপণ হয় ৮টা ১০ মিনিটে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন এসব তথ্যে সত্যতা নিশ্চিত করে জানান, ভবনটি মূলত বাণিজ্যিক কাজে ব্যবহৃত হলেও এর ওপরের অংশে আবাসিক ইউনিট রয়েছে। অগ্নিকাণ্ডের সময় ভবনের ভেতরে আটকে পড়া ১৭ জনকে বিকল্প সিঁড়ি ব্যবহার করে নিরাপদে নিচে নামানো হয়।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানান, আরমানিটোলার হাজী টাওয়ার নামের ১৪ তলা ভবনের ৬ তলায় আগুন লাগার ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে নির্ধারণ করা হবে।
