আর্জেন্টিনাকে ফাইনালে তুলে সমালোচকদের জবাব মেসির
অনলাইন ডেস্ক
আর্জেন্টিনাকে টানা দ্বিতীয়বার ফিফা বিশ্বকাপের ফাইনালে তোলার পর সমালোচকদের কড়া জবাব দিয়েছেন অধিনায়ক লিওনেল মেসি। ইংল্যান্ডকে ২-১ গোলে হারানোর পর তিনি বলেছেন, মাঠের পারফরম্যান্সেই আবারও প্রমাণ হয়েছে- আর্জেন্টিনা কোনো ধরনের বিশেষ সুবিধা পায় না।
বুধবার (১৫ জুলাই) আটলান্টায় অনুষ্ঠিত সেমিফাইনালে শুরুতে পিছিয়ে পড়েছিল আর্জেন্টিনা। ম্যাচের ৫৫তম মিনিটে ইংল্যান্ডের অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। তবে দ্বিতীয়ার্ধে মাত্র ছয় মিনিটের ব্যবধানে দুটি অ্যাসিস্ট করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় আর্জেন্টিনা। ৩৯ বছর বয়সী মেসির নেতৃত্বেই ঘুরে দাঁড়ায় বিশ্বচ্যাম্পিয়নরা।
বিশ্বকাপের শুরু থেকেই আর্জেন্টিনার রেফারিং সুবিধা পাওয়া নিয়ে নানা আলোচনা ও অভিযোগ উঠেছিল। বেশ কয়েকটি সিদ্ধান্ত আর্জেন্টিনার পক্ষে গেছে বলে দাবি করেন সমালোচকরা। তবে ফাইনালে ওঠার পর এসব অভিযোগ উড়িয়ে দেন মেসি। তিনি বলেন, “এতে যার যত কষ্টই হোক, তারা যা খুশি বলুক- আমরা আবারও মাঠে প্রমাণ করেছি যে কেউ আমাদের কিছু ফ্রি-তে দেয় না।”
মেসি আরও বলেন, “অনেক সমালোচনা ও সন্দেহ নিয়ে আমরা এই টুর্নামেন্ট শুরু করেছিলাম। কিন্তু আমি জানতাম, এই দল সব সময় লড়াই করে। আমার বিশ্বাস ছিল আমরা শেষ চারে থাকব। ঈশ্বরের কৃপায় এখন আমরা ফাইনালে উঠেছি।”
ক্যারিয়ারের ২০৫তম আন্তর্জাতিক ম্যাচে প্রথমবারের মতো ইংল্যান্ডের মুখোমুখি হন মেসি। ম্যাচের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “আমরা যদি ইংল্যান্ডের কাছে হেরে যেতাম, তাহলে অনেকেই আমাদের নিয়ে নানা কথা বলত। কিন্তু আমরা তাদের সেই সুযোগ দিইনি।”
তিনি আরও বলেন, “ফুটবলের দিক থেকে আমরা তাদের চেয়ে ভালো ছিলাম। তবে এমন ম্যাচে ইতিহাসও বড় ভূমিকা রাখে। এই ম্যাচের গুরুত্বের কারণেই আমাদের জিততেই হতো।”
ম্যারাডোনাকে জয় উৎসর্গ মেসির
ইংল্যান্ডের বিপক্ষে এই ঐতিহাসিক জয় আর্জেন্টিনার কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনাকে উৎসর্গ করেছেন মেসি। ১৯৮৬ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ম্যারাডোনা ‘হ্যান্ড অব গড’ এবং ‘গোল অব দ্য সেঞ্চুরি’ করে ফুটবল ইতিহাসে অমর হয়ে আছেন।
মেসি বলেন, “নিঃসন্দেহে ওপর থেকে দিয়েগো আজ ভীষণ আনন্দ পাচ্ছেন। এই দিনটি তার জন্য খুবই বিশেষ। তাকে এই আনন্দ দিতে পেরে আমরা খুশি। ওপর থেকে তিনি যেভাবেই দেখুন না কেন, উপভোগ করুন। এই জয় তার জন্যও একটি উপহার।”
ফাইনালের আগে এবারের বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছেন মেসি। এখন পর্যন্ত তার নামের পাশে রয়েছে ৮ গোল ও ৪ অ্যাসিস্ট। ফলে গোল্ডেন বলের দৌড়েও সবচেয়ে এগিয়ে আছেন আর্জেন্টাইন অধিনায়ক।
