আর্জেন্টিনায় আবার বিশ্বকাপ ফেরানোর ঘোষণা নিকো পাজের

অনলাইন ডেস্ক

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হেরে শিরোপা ধরে রাখতে পারেনি আর্জেন্টিনা। তবে এই হারকে শেষ মনে করছেন না তরুণ ফরোয়ার্ড নিকো পাজ। ভবিষ্যতে বিশ্বকাপ আবার আর্জেন্টিনায় ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ২১ বছর বয়সী এই ফরোয়ার্ড বলেন, দেশের জার্সি গায়ে খেলতে পারা তার জন্য গর্বের। একই সঙ্গে সতীর্থদেরও ধন্যবাদ জানান, যারা দেশের জন্য সর্বোচ্চটা উজাড় করে দিয়েছেন।

নিকো পাজ বলেন, ‘আজ আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গর্বিত। এই দেশ, এই জাতীয় দল এবং এমন একদল মানুষের অংশ হতে পেরে, যারা এই পতাকার জন্য নিজেদের সবকিছু দিতে প্রস্তুত। আমি শুধু তাদের ধন্যবাদ জানাতে পারি।’

সমর্থকদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আমি কথা দিচ্ছি, বিশ্বকাপ ট্রফি আবার আর্জেন্টিনায় ফিরিয়ে আনতে আমার সবটুকু উজাড় করে দেব। স্পেন এবং তাদের সবাইকে অভিনন্দন। সবসময় আর্জেন্টিনা, সুখে এবং দুঃখে।’

এবারের বিশ্বকাপে দুটি ম্যাচে বদলি হিসেবে মাঠে নামার সুযোগ পান নিকো পাজ। বয়স মাত্র ২১ হওয়ায় আগামী দিনগুলোতে আর্জেন্টিনার আক্রমণভাগে তার গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে বলেই মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights