আর্জেন্টিনার একাদশে বড় পরিবর্তন
অনলাইন ডেস্ক
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর শেষ ষোলোর হাইভোল্টেজ ম্যাচে আজ আটলান্টা স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে লিওনেল মেসির আর্জেন্টিনা এবং মোহাম্মদ সালাহর মিসর। গ্রুপ পর্বের শেষ ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে ৩-২ ব্যবধানের নাটকীয় জয়ের পর নকআউট পর্বের এই গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে আলবিসেলেস্তেরা।
টুর্নামেন্টের অন্যতম ফেবারিট হিসেবে যাত্রা শুরু করা আর্জেন্টিনার জন্য আজকের ম্যাচটি যেমন নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের, তেমনই অধিনায়ক লিওনেল মেসির জন্য ইতিহাস গড়ার এক বড় সুযোগ। আর মাত্র দুটি গোল করলেই বিশ্বকাপের একক সংস্করণে আর্জেন্টিনার পক্ষে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নেবেন এই খুদে জাদুকর। অন্যদিকে, আফ্রিকান পরাশক্তি মিসরের সামনে আজ ইতিহাস লেখার হাতছানি। মোহাম্মদ সালাহর নেতৃত্বে আজ আর্জেন্টিনাকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিতে মরিয়া তারা।
গুরুত্বপূর্ণ এই নকআউট ম্যাচের আগে নিজেদের শুরুর একাদশে বড়সড় তিন পরিবর্তন এনেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। আক্রমণভাগে লাউতারো মার্তিনেজকে বেঞ্চে রেখে লিওনেল মেসির সঙ্গী হিসেবে আজ শুরুর একাদশে সুযোগ পেয়েছেন হুলিয়ান আলভারেজ। মাঝমাঠ ও রক্ষণভাগেও এসেছে বড় পরিবর্তন। থিয়াগো আলমাদার জায়গায় সেন্ট্রাল মিডফিল্ডে অভিজ্ঞ লেয়ান্দ্রো পারেদেসকে ফিরিয়ে আনা হয়েছে। এ ছাড়া রক্ষণভাগ সামলাতে ফাকুন্দো মেদিনার পরিবর্তে লেফট-ব্যাক হিসেবে আজ শুরু থেকেই খেলবেন নিকোলাস তাগলিয়াফিকো।
