আর্জেন্টিনা ফুটবল ফ্যান ক্লাবের সভাপতির বিরুদ্ধে থানায় সৌরভের অভিযোগ
অনলাইন ডেস্ক
আর্জেন্টিনার ফুটবল দলের একটি ফ্যান ক্লাবের কর্তার বিরুদ্ধে কলকাতার লালবাজারে অভিযোগ দায়ের করেছেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক সৌরভ গাঙ্গুলি। সৌরভের বিরুদ্ধে ওই ব্যক্তি কিছু আপত্তিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ। সৌরভের দাবি, এর ফলে তার সুনাম নষ্ট হচ্ছে। সেই সাথে মানসিক শান্তি বিঘ্নিত হচ্ছে। ওই ঘটনায় কলকাতা পুলিশের সাইবার সেলে অভিযোগ দায়ের করেছেন তিনি।
আজ বৃহস্পতিবার ইমেল করে অভিযোগ জানান সৌরভ। অভিযোগপত্রে উত্তম সাহার নামের একজনের কথা উল্লেখ করেছেন সৌরভ। অভিযোগ, ওই ব্যক্তি প্রকাশ্যে তার বিরুদ্ধে মিথ্যা মন্তব্য করছেন। উত্তম কলকাতার ‘আর্জেন্টিনা ফুটবল ফ্যান ক্লাব’-এর সভাপতি। অভিযোগপত্রে সৌরভ লিখেছেন, ওই ব্যক্তি জেনেশুনে তার বিরুদ্ধে মিথ্যা, বিদ্বেষপূর্ণ, আপত্তিকর এবং মানহানিকর মন্তব্য করেছেন। প্রকাশ্যে তার বিরুদ্ধে বিভিন্ন গুরুতর অভিযোগ তুলেছেন, যার কোনও বাস্তব ভিত্তি নেই।
লালবাজারে পাঠানো চিঠিতে সৌরভ আরও জানিয়েছেন, ক্রীড়াবিদ এবং ক্রীড়া প্রশাসক হিসাবে এক দশকের পেশাগত জীবনে তিনি দেশে এবং বিদেশে সুনাম অর্জন করেছেন। এই ধরনের অবাস্তব অভিযোগ তুলে তার সেই সুনাম নষ্ট করার চেষ্টা হচ্ছে বলে পুলিশকে জানিয়েছেন তিনি।
গত শনিবার সল্টলেকে যুবভারতী ক্রীড়াঙ্গনে এসেছিলেন ফুটবল তারকা লিওনেল মেসি। প্রায় ২০ মিনিট সেখানে ছিলেন তিনি। যত ক্ষণ মেসি মাঠে ছিলেন, একটি জটলা সর্বক্ষণ ঘিরে রেখেছিল তাকে। অভিযোগ, এর ফলে গ্যালারি থেকে দর্শকেরা মেসিকে ঠিকমতো দেখতেই পাননি। মেসি স্টেডিয়াম ছেড়ে চলে যাওয়ার পরে এই রোষই আছড়ে পড়ে যুবভারতী ক্রীড়াঙ্গনে। চলে ভাঙচুর, তাণ্ডব। মেসির সফরসূচির মূল আয়োজন শতদ্রু দত্তের বিরুদ্ধেও ক্ষোভ, ক্রোধ উগরে দিতে থাকেন জনতা।
