আর্জেন্টিনা ম্যাচের আগে ইংল্যান্ড শিবিরে বিস্ফোরণ, কোচকে প্রকাশ্যেই চ্যালেঞ্জ বেলিংহামের

অনলাইন ডেস্ক
নরওয়ের বিপক্ষে ২-১ গোলের জয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। তবে জয়ের আনন্দের মধ্যেই দলটির শিবিরে নতুন অস্বস্তির জন্ম দিয়েছে কোচ থমাস টুখেল ও তারকা মিডফিল্ডার জুড বেলিংহামের প্রকাশ্য মতবিরোধ।

কোয়ার্টার ফাইনালের পর টুখেল ফলাফলে সন্তুষ্টি প্রকাশ করলেও দলের পারফরম্যান্স নিয়ে তীব্র অসন্তোষ জানান। তিনি বলেন, ফলাফল দারুণ হলেও ইংল্যান্ডের খেলায় ছিল অনেক ভুল এবং দলটি কিছুটা ভাগ্যের সহায়তায় জিতেছে।

তবে কোচের মূল্যায়নের সঙ্গে একমত নন বেলিংহাম। রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার বলেন, প্রচণ্ড গরমের মধ্যে আর্লিং হালান্ড, মার্টিন ওডেগার্ড, আন্তোনিও নুসা ও আলেকজান্ডার সরলথদের মতো খেলোয়াড়দের বিপক্ষে খেলা মোটেও সহজ ছিল না।

সাংবাদিকদের তিনি বলেন, ‘হয়তো তিনি জানেন না, ওই পরিস্থিতিতে হালান্ড, ওডেগার্ড, নুসা ও সরলথের বিপক্ষে খেলাটা কেমন। এই দলের বিপক্ষে খেলা সহজ নয়। তিনি যা খুশি বলতে পারেন।’

টুখেল ও বেলিংহামের মধ্যে এ ধরনের টানাপড়েন অবশ্য নতুন নয়। প্রায় এক বছর আগে বেলিংহামের মাঠের আচরণ নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন টুখেল। পরে তিনি সেই মন্তব্যের জন্য ক্ষমাও চান।

বিশ্বকাপের আগে টুখেল বলেছিলেন, ইংল্যান্ডের সবচেয়ে বড় তারকাদের জন্যও একাদশে জায়গা নিশ্চিত নয়। তবে মাঠের পারফরম্যান্সে সব সমালোচনার জবাব দিয়েছেন ২৩ বছর বয়সী বেলিংহাম। নরওয়ে ও মেক্সিকোর বিপক্ষে টানা দুই ম্যাচে জোড়া গোল করে দলকে সেমিফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

তবে দলের পারফরম্যান্স নিয়ে অসন্তুষ্ট হলেও বেলিংহামের প্রশংসা করতে ভোলেননি টুখেল। তিনি বলেন, ‘আর কিছু বলার নেই। প্রতিটি ম্যাচেই সে এটা করে। সে বিশ্বমানের খেলোয়াড়।’

আগামী বুধবার আটলান্টায় বিশ্বকাপের সেমিফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ইংল্যান্ড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights