‘আর্থিক সংকটে’ বন্ধ আল জাজিরা বলকানসের সম্প্রচার

অনলাইন ডেস্ক
এক যুগেরও বেশি সময় ধরে সম্প্রচার চালানোর পর বন্ধ হয়ে গেল কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার বলকানস শাখা। আর্থিক সংকটের কারণে শনিবার (১২ জুলাই) আনুষ্ঠানিকভাবে এই সম্প্রচারমাধ্যমটির কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ১৪ বছর টেলিভিশন সম্প্রচার চালানোর পর সারায়েভো থেকে আল জাজিরা বলকানসের সম্প্রচারের পর্দা নামল।

শনিবার দুপুরে শেষ সংবাদ পরিবেশনের সময় উপস্থাপিকা দালিজা হাসানবেগোভিচ বলেন, ‌‌“এটাই ছিল আল জাজিরা বলকানসের শেষ সংবাদ অনুষ্ঠান। প্রায় চৌদ্দ বছর আমাদের ওপর আস্থা রাখার জন্য আপনাদের ধন্যবাদ।”

চ্যানেলটির কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা বন্ধের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি বলে জানিয়েছে এএফপি। তবে স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যম ও সাংবাদিক সংগঠন বলেছে, ‘আর্থিক সংকটের’ কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০১১ সালের নভেম্বরে বসনিয়া ও হার্জেগোভিনার রাজধানী সারায়েভোতে প্রধান স্টুডিও স্থাপন করে সংবাদ প্রচার শুরু করেছিল আল জাজিরা বলকানস। সাবেক যুগোস্লাভিয়ার অন্তর্ভুক্ত দেশগুলোতে এটি সার্বো-ক্রোয়েশিয়ান নামে পরিচিত আঞ্চলিক ভাষায় সংবাদ প্রচার করত। ১৯৯০-এর দশকের যুদ্ধে বিভক্ত হয়ে পড়া অঞ্চলে এটিই ছিল প্রথম আঞ্চলিক সম্প্রচার মাধ্যম।

চ্যানেলটিতে ওই অঞ্চলজুড়ে প্রায় ২০০ জন কর্মী কর্মরত ছিলেন। আকস্মিক বন্ধ ঘোষণায় ওই অঞ্চলের একাধিক সাংবাদিক সংগঠন গভীর দুঃখ প্রকাশ করেছে।

ক্রোয়েশিয়ার সাংবাদিক সমিতি ও দেশটির সাংবাদিক ইউনিয়ন এক বিবৃতিতে বলেছে, “যেসব সমাজে গণমাধ্যমের বহুত্ববাদ দুর্বল বা অনুপস্থিত, সেখানে এটি গণতন্ত্রের জন্য বড় ধাক্কা।” তারা এটিকে “স্বাধীনতা ও সত্যের জন্য বিদ্যমান ক্ষেত্রের ক্ষয়” বলেও আখ্যা দেয়।

বসনিয়ার সাংবাদিক সংগঠন বিএইচ নোভিনারি জানায়, চ্যানেলটি বন্ধ হওয়ায় দর্শকরা একটি নির্ভরযোগ্য তথ্যসূত্র হারালেন।

সূত্র: এএফপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights