আর্মি মেডিকেল কোর ও আর্মি ডেন্টাল কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন
অনলাইন প্রতিবেদক
টাঙ্গাইলের ঘাটাইলে অবস্থিত শহীদ সালাহউদ্দিন সেনানিবাসে আর্মি মেডিকেল কোর সেন্টার এন্ড স্কুলে (এএমসিসিএন্ডএস) আর্মি মেডিকেল কোর এবং আর্মি ডেন্টাল কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সেনাবাহিনী প্রধান বাৎসরিক অধিনায়ক সম্মেলনে উপস্থিত আর্মি মেডিকেল কোর এবং আর্মি ডেন্টাল কোরের অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য রাখেন। এ সময় তিনি আর্মি মেডিকেল কোর এবং আর্মি ডেন্টাল কোরের প্রযুক্তিগত উন্নয়ন, গবেষণা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।
সেনাবাহিনী প্রধান আর্মি মেডিকেল কোর এবং আর্মি ডেন্টাল কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি চিকিৎসা সেবায় তাদের বিভিন্ন কর্মকান্ড এবং অবদানের ভূয়সী প্রশংসা করেন। এছাড়াও সততা, সত্যনিষ্ঠা ও কর্তব্যবোধে ব্রতী হয়ে সেবামূলক কার্যক্রমের মাধ্যমে এই কোরসমূহের প্রশংসনীয় ভূমিকা অব্যাহত থাকবে মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে মহাপরিচালক, সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর; ভারপ্রাপ্ত জিওসি, আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড; সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল; জিওসি, ১৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, ঘাটাইল এরিয়া; অন্যান্য ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ এবং সংশ্লিষ্ট কোরসমূহের অধিনায়ক ও কর্মকর্তাগণসহ বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
