আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৫, আহত বহু

অনলাইন ডেস্ক

আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সের পূর্বাঞ্চলে একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েক ডজন যাত্রী আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (৩১ জুলাই) উপকূলীয় শহর বুমেরদেসের কাছে এ দুর্ঘটনা ঘটে। দেশটির বেসামরিক সুরক্ষা বিভাগ জানিয়েছে, দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের দ্রুত আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে আলজেরিয়ার প্রধানমন্ত্রী সিফি ঘরিয়েব ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি উদ্ধার তৎপরতা ও জরুরি সেবা কার্যক্রমের খোঁজ নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। কর্তৃপক্ষ জানিয়েছে, কী কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়, তা তদন্ত করে দেখা হচ্ছে। বাসটির কারিগরি অবস্থা, সড়কের পরিস্থিতি এবং চালকের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।

আলজেরিয়ায় সাম্প্রতিক বছরগুলোতে সড়ক দুর্ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। গত বছরের আগস্টে আলজিয়ার্সের কাছেই আরেকটি বাস দুর্ঘটনায় ১৮ জন নিহত হন। একই বছরের ডিসেম্বরে দক্ষিণাঞ্চলের বেচার এলাকায় বাস উল্টে আরও ১৪ জনের মৃত্যু হয়।

আলজেরিয়ার সড়ক নিরাপত্তা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত বছর দেশটিতে সড়ক দুর্ঘটনায় ৩ হাজার ৮৩৮ জন নিহত এবং ৩৭ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। এ পরিস্থিতি দেশটির সড়ক নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

তথ্য সূত্র- বিবিসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights