আলজেরিয়ার জেল থেকে দেশে ফিরলেন চার বাংলাদেশি
অনলাইন ডেস্ক
আলজেরিয়ায় কারাবন্দি চার বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে তারা আলজেরিয়া থেকে বাংলাদেশে ফিরে আসেন।
আলজেরিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বৈধ ভিসা ও ওয়ার্ক পারমিট ছাড়া অবস্থানের অভিযোগে দেশটির পুলিশ তাদের আটক করেছিল।
দূতাবাসের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১৩ জানুয়ারি আলজেরিয়ার পুলিশ মোট ১৪ জন বাংলাদেশিকে আটক করে। তাদের অধিকাংশই মানবপাচারকারীদের মাধ্যমে অবৈধভাবে দেশটিতে প্রবেশ করেছিলেন।
ঘটনার পরপরই বাংলাদেশ দূতাবাস আলজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে। পাশাপাশি আটক বাংলাদেশিদের আইনি সহায়তা নিশ্চিত করতে একজন আইনজীবী নিয়োগ এবং বিষয়টি নিয়মিত তদারকি করা হয়।
পরবর্তীতে ২০২৬ সালের ৩০ জুন আলজেরিয়ার আদালত চার বাংলাদেশিকে কারাগার থেকে মুক্তির আদেশ দেন। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে বৃহস্পতিবার তারা দেশে ফেরেন।
বাংলাদেশ দূতাবাস আরও জানিয়েছে, বাকি ১০ বাংলাদেশির দ্রুত মুক্তি ও নিরাপদ প্রত্যাবাসনের জন্য আলজেরিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ অব্যাহত রয়েছে। একই সঙ্গে তাদের পরিবারের সদস্যদেরও আটক ব্যক্তিদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে নিয়মিত অবহিত করা হচ্ছে।
