আলফাডাঙ্গায় আওয়ামী লীগ নেত্রীর বিরুদ্ধে সরকারি রাস্তা দখলের অভিযোগ

বোয়ালমারী প্রতিনিধি
সাধারণ জনগণের চলাচলের রাস্তা দখল করে বাঁশের বেড়া দিয়েছেন মহিলা আওয়ামী লীগের এক নেত্রী।

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের কুচিয়াগ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভুক্তভোগী আইয়ুব মোল্যা গত ২৩ অক্টোবর ফরিদপুর জেলা প্রশাসক ও আলফাডাঙ্গা থানায় গোপালপুর ইউনিয়নের মহিলা আওয়ামী লীগের সভাপতি খাদিজা পারভিন ও তার ছেলে ছাত্রলীগ নেতা হৃদয় সম্রাটের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। জেলা প্রশাসক লিখিত অভিযোগটি ফরোয়ার্ড করে উপজেলা নির্বাহী অফিসারকে ব্যবস্থা গ্রহণের জন্য দায়িত্ব দিয়েছেন।
লিখিত অভিযোগ থেকে জানা গেছে, উপজেলার কুচিয়াগ্রামের আইয়ুব মোল্যার সাথে একই গ্রামের আওয়ামী লীগের নেত্রী খাদিজা পারভিন পাশাপাশি বাড়িতে বসবাস করেন। আইয়ুবের বাড়ির দক্ষিণ পাশে সাধারণ মানুষের চলাচলের সরকারি একটি রাস্তা রয়েছে। ওই রাস্তা দিয়ে গ্রামের মানুষ চলাচল করে। চলতি মাসের ১১ তারিখে সকালে খাদিজা তার লোকজন নিয়ে রাস্তা দখল করে বাঁশের বেড়া দেন। আইয়ুর মোল্যা প্রতিবাদ করতে গেলে গালিগালাজ ও খুনের হুমকি দেন।

আইয়ুর মোল্যার স্ত্রী আম্বিয়া বেগমের ভাষ্য, ৪০-৫০ বছরের সরকারি রাস্তা ক্ষমতার জোরে আওয়ামী লীগ নেত্রী খাদিজা তার লোকজন দিয়ে দখল করেছেন। আমরা এখন বাড়ি থেকে বের হতে পারছি না। আমরা প্রশাসনের কাছে রাস্তাটি সাধারণ জনগণের চলাচলের জন্য খুঁলে দেওয়ার দাবি জানিয়েছে। ইতোপূর্বে আমাদের বিরুদ্ধে একাধিক মামলা করে হয়রানি করেছেন খাদিজা।

এ বিষয়ে খাদিজা পারভিন বলেন, আমার নিজের জমিতে বেড়া দিয়েছি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হয়েছে। আমার ভাসুর সরকারি জায়গা দখল করে আছেন।

আলফাডাঙ্গা থানার ওসি হারুন অর রশিদ জানান, লিখিত অভিযোগ পেয়ে একজন তদন্ত কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার সারমিন ইয়াসমীন বলেন, জেলা প্রশাসক স্যারের আবেদন হাতে পেয়ে নোটিশ করেছি। ৩০ অক্টোবর বিকালে দুই পক্ষকে কাজগপত্র নিয়ে অফিসে হাজির হওয়ার জন্য বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights