আলভারেজকে না পেলে নতুন স্ট্রাইকার নেবে না বার্সেলোনা

গ্রীষ্মকালীন দলবদলে নতুন স্ট্রাইকার খোঁজার পরিকল্পনায় এখনো অনড় বার্সেলোনা। কাতালান ক্লাবটির প্রধান লক্ষ্য আতলেতিকো মাদ্রিদের ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। তাকে দলে ভেড়ানো সম্ভব না হলে বিকল্প কোনো স্ট্রাইকার সই না করার সিদ্ধান্তও বিবেচনায় রয়েছে তাদের।

স্প্যানিশ দৈনিক স্পোর্ট এর এক প্রতিবেদনে বলা হয়েছে, বার্সেলোনা কোচ হানসি ফ্লিকের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছেন আলভারেজ। ক্লাব কর্তৃপক্ষও এই পরিকল্পনাকে সমর্থন করছে। তাদের বিশ্বাস, বিকল্প স্ট্রাইকারদের সঙ্গে আলভারেজের মানের পার্থক্য অনেক বেশি। তাই অন্য কোনো খেলোয়াড়কে দলে ভেড়ানোর আগ্রহ নেই বার্সার।

দলবদলের শুরুতে অ্যান্থনি গর্ডন ও জার্মান ফরোয়ার্ড করিম আদেয়েমিকে দলে ভেড়ালেও এখনও একজন সেন্টার-ফরোয়ার্ড এবং একজন সেন্টার-ব্যাকের খোঁজে রয়েছে বার্সেলোনা।

এদিকে, আলভারেজও বার্সেলোনায় যোগ দেওয়ার আগ্রহ দেখিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে আতলেতিকো মাদ্রিদ তাদের সরাসরি প্রতিদ্বন্দ্বী ক্লাবের কাছে এই আর্জেন্টাইন ফরোয়ার্ডকে ছাড়তে রাজি নয়। ফলে সম্ভাব্য এই দলবদল এখনো অনিশ্চয়তায় আটকে আছে।

যদি শেষ পর্যন্ত আলভারেজকে দলে ভেড়ানো সম্ভব না হয়, তাহলে বর্তমান স্কোয়াডের খেলোয়াড়দের নিয়েই মৌসুম শুরু করতে হতে পারে বার্সেলোনাকে। সে ক্ষেত্রে মূল স্ট্রাইকার হিসেবে ফেরান তোরেসই সবচেয়ে বড় ভরসা। পাশাপাশি ফলস নাইন হিসেবে দানি ওলমোকেও ব্যবহার করা হতে পারে।

এ ছাড়া প্রাক-মৌসুমে দারুণ পারফরম্যান্স করা মিশরীয় তরুণ হামজা আবদেলকরিমও বিকল্প হিসেবে আলোচনায় রয়েছেন। বার্মিংহামের বিপক্ষে জোড়া গোল করে ইতোমধ্যেই নজর কেড়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights