আলাস্কায় ১০ আরোহীসহ উড়োজাহাজ নিখোঁজ

অনলাইন ডেস্ক

নয় যাত্রী ও এক পাইলট নিয়ে যুক্তরাষ্ট্রের আলাস্কায় ছোট একটি উড়োজাহাজ নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল ৪টা নাগাদ রাজ্য পুলিশকে উড়োজাহাজ নিখোঁজের বিষয়টি জানানো হয়। এ তথ্য এয়ারলাইন্সের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে। খবর সিএনএনের।

যুক্তরাষ্ট্রের কোস্ট গার্ড জানিয়েছে, উড়োজাহাজটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১২ মাইল দূরে থাকার সময় নিখোঁজ হয়। ফ্লাইট ট্র্যাকারে বৃহস্পতিবার সন্ধ্যায় কোস্ট গার্ডের এইচসি-১৩০ উড়োজাহাজকে যেখানে উড়তে দেখা গেছে, তার কাছেই নিখোঁজ উড়োহাজটির সবশেষ অবস্থান ছিল। দমকল বিভাগ বলেছে, তারা অনুসন্ধান ও উদ্ধারের জন্য বিশেষ সরঞ্জাম বহন করে, যা দৃশ্যমানতা ছাড়াই বস্তু ও লোকজনকে শনাক্ত করতে সক্ষম।

দমকল বিভাগ জানিয়েছে, মার্কিন কোস্ট গার্ড ও মার্কিন বিমান বাহিনী সহায়তার জন্য এগিয়ে এসেছে এবং নিখোঁজ উড়োজাহাজটি খুঁজে বের করার চেষ্টা চলছে। তারা লিখেছে, ‘উড়োজাহাজটির সঠিক অবস্থান এখনও জানা যায়নি। সেটি শনাক্ত না হওয়া পর্যন্ত যতটা সম্ভব আমরা তল্লাশি অভিযান অব্যাহত রেখেছি।’

সিএনএন লিখেছে, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত নোম বিমানবন্দরের চারপাশে হালকা তুষারপাত এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ছিল। এক পর্যায়ে দৃশ্যমানতা মাত্র আধা মাইলে নেমে আসে; সেই সঙ্গে রাতে ঘণ্টায় ৩৫ মাইল বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস ছিল।

ফ্লাইট ট্র্যাকার অ্যাপ ফ্লাইটরাডার টোয়েন্টিফোরের তথ্য অনুযায়ী, সেসনা ২০৮বি গ্র্যান্ড ক্যারাভান উড়োজাহাজটিকে সবশেষ বিকাল ৩টা ১৬ মিনিটে (স্থানীয় সময়) নর্টন সাউন্ডের ওপর দেখা গিয়েছিল।

নর্টন সাউন্ড হেলথ কর্পোরেশন এক বিবৃতিতে জানিয়েছে, তারা জরুরি পরিস্থিতিতে সাড়া দিতে প্রস্তুত রয়েছে। যাত্রীদের স্বজনদের জন্য ‘ফ্যামেলি সেন্টার’ খুলেছে নর্টন সাউন্ড আঞ্চলিক হাসপাতাল, যাতে সেখান থেকে তারা নিখোঁজদের খোঁজখবর নিতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights