আলু সংরক্ষণের ভাড়া না কমালে সারা দেশে কর্মসূচির ঘোষণা

বিশেষ প্রতিনিধি, বগুড়া
হিমাগারে আলু সংরক্ষণের বাড়তি ভাড়া আদায় বন্ধ এবং কেজিতে সর্বোচ্চ ৫ টাকা ভাড়া নির্ধারণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে আলুর ভ্যালু চেইন প্রমোশনাল বডি। এই দাবি মানা না হলে আগামী ২১ জুন দেশের সব জেলায় মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটি।

রবিবার বেলা সাড়ে ১২টায় বগুড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।

সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. ছামিউল ইসলাম। তিনি বলেন, চলতি বছরে আলুর বাম্পার ফলন হলেও কৃষকেরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। এর ওপর কোল্ডস্টোরেজ মালিকেরা কোনো নিয়ম-নীতি ছাড়াই প্রতিবছর ভাড়া বৃদ্ধি করছেন। যা অত্যন্ত দুঃখজনক।

তিনি আরও বলেন, কৃষি বিপণন অধিদপ্তরের প্রজ্ঞাপন অনুযায়ী কেজিতে ৬ টাকা ৭৫ পয়সা ভাড়া নেওয়ার কথা। যা ৫০ কেজির বস্তার জন্য হয় প্রায় ৩৩৮ টাকা ৭৫ পয়সা। কিন্তু হিমাগার মালিকেরা সাধারণ কৃষক ও ব্যবসায়ীদের কাছ থেকে ৬০ থেকে ৬৫ কেজির প্রতিবস্তায় ৪০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া আদায় করছেন। এর ফলে আলু চাষি ও ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির মুখে পড়ছেন। একই সঙ্গে সাধারণ ভোক্তাদেরও অধিক দামে আলু কিনতে হচ্ছে।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, আলু উৎপাদন, পরিবহন, শ্রমিকের খরচ ও বস্তার দাম মিলিয়ে কেজিতে খরচ পড়ে ১৩ টাকা। এর ওপর কোল্ড স্টোরেজের বাড়তি ভাড়া যোগ হলে আলুর দাম নাগালের বাইরে চলে যায়।

এ সময় সারা দেশের হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া কেজি প্রতি ৫ টাকা নির্ধারণ করে দ্রুত প্রজ্ঞাপন জারির জন্য দাবি জানানো হয়। আগামী ৭ দিনের মধ্যে এই দাবি মেনে না নিলে ২১ জুন দেশের সব জেলায় মানববন্ধনসহ উপজেলা পর্যায়ে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি এ কে এম রেজাউল ইসলাম, দপ্তর সম্পাদক সুরজ কুমার বর্মণ, কোষাধ্যক্ষ রুহুল আমীন, সদস্য আব্দুর রশিদসহ বিভিন্ন জেলা শাখার সভাপতি ও প্রতিনিধিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights