আলোচিত সেই বিশেষ সভা করলেন মেয়র সাদিক আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের অভিজাত শ্রেণির বিনোদন কেন্দ্র বরিশাল ক্লাব লিমিটেডের বহুল আলোচিত বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি ও বিদায়ী সিটি মেয়র সাদিক আবদুল্লাহ।

সাদিক আবদুল্লাহর সভাপতি পদে বৈধতা চ্যালেঞ্জ করে গত ১৩ জুলাই এবং আলোচিত এই সভা অনুষ্ঠানে নিষেধাজ্ঞা চেয়ে ১৬ জুলাই সদর সিনিয়র সহকারী জজ আদালতে পৃথক দুটি আবেদন করেন ক্লাবের এক সদস্য মফিজুর রহমান চৌধুরী। গত ২৭ জুলাই ওই আদালতে মেয়রের পক্ষে শুনানি করেন দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশীদ আলম খানসহ বরিশালের সিনিয়র আইনজীবীরা।

শুনানি শেষে আইনজীবী সমিতির সাবেক সম্পাদক গোলাম কবির বাদল সাংবাদিকদের বলেন, ২৯ জুলাই বিশেষ সাধারণ সভা অনুষ্ঠানে কোনো বারন নেই বলে আদেশ দেন আদালত। মেয়র সাদিকের সভাপতি পদের বৈধতা চ্যালেঞ্জ করে করা আবেদনের আদেশ অপেক্ষমান রাখেন আদালত।
ক্লাবে অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় সভাপতি ছাড়াও পরিচালক সাইদুর রহমান রিন্টু, এমএ আউয়াল চৌধুরী ভুলু, হান্নান মল্লিক, লিয়াকত হোসেন খান লাবু, জাহাঙ্গীর হোসেন মানিক, এসএম জাকির, শেখ সাইয়্যেদ আহমেদ মান্না, অ্যাডভোকেট গোলাম সরোয়ার রাজিব ও রেজিন-উল কবির সহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বিগত বছরের সাধারণ সভায় নেয়া সিদ্ধান্ত বাস্তবায়ন এবং আয়-ব্যয়ের হিসাব পর্যালোচনা করা হয়। ক্লাবের উন্নয়নে ১০ তলা বাণিজ্যিক ভবন নির্মাণ করার পরিকল্পনার কথা জানানো হয় সভায়।

এর আগে ক্লাব চত্ত্বরে একটি সুইমিং পুলের ভিত্তিপ্রস্থর উদ্বোধন করেন ক্লাব সভাপতি ও বিদায়ী মেয়র সাদিক আবদুল্লাহ। এ সময় অন্যান্যের মধ্যে সদর আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজসহ ক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights