আল জাজিরার ৪ সাংবাদিককে হত্যা করে যা বলল ইসরায়েল

অনলাইন ডেস্ক

গাজা সিটির আল-শিফা হাসপাতালের কাছে ইসরায়েলি হামলায় আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার চার সাংবাদিক নিহত হয়েছেন। আল জাজিরার পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতরা হলেন সাংবাদিক আনাস আল-শরিফ ও মোহাম্মদ কোরিয়েকে এবং চিত্রগ্রাহক ইব্রাহিম জাহের ও মোহাম্মদ নৌফাল। হামলার সময় তারা হাসপাতালের প্রধান ফটকের কাছে সাংবাদিকদের জন্য তৈরি একটি তাঁবুতে অবস্থান করছিলেন।

আল জাজিরা এই ঘটনাকে তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এই হামলা তাদের সাংবাদিকদের বিরুদ্ধে ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক উস্কানিমূলক কর্মকাণ্ডেরই অংশ। এর আগেও, দুই সপ্তাহ আগে আল জাজিরা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বিরুদ্ধে তাদের সাংবাদিকদের, বিশেষ করে আনাস আল-শরিফকে টার্গেট করার অভিযোগ তুলেছিল।

এই হামলার পরপরই আইডিএফ এক টেলিগ্রাম পোস্টে আনাস আল-শরিফকে লক্ষ্য করে হামলার কথা নিশ্চিত করেছে। তাদের দাবি, আল-শরিফ একজন সাংবাদিকের ছদ্মবেশে হামাসের ‘একটি সন্ত্রাসী সেলের প্রধান’ হিসেবে কাজ করতেন। তবে, আইডিএফ হামলায় নিহত অন্য তিন সাংবাদিকের বিষয়ে কোনো মন্তব্য করেনি।

বিবিসি ভেরিফাই কর্তৃক যাচাই করা দুটি ভিডিওতে দেখা যায়, হামলার পর মরদেহগুলো নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে উপস্থিত লোকজন মোহাম্মদ কোরিয়েকের নাম ধরে চিৎকার করছেন এবং একজন প্রেস ভেস্ট পরা ব্যক্তি আনাস আল-শরিফের মরদেহ শনাক্ত করছেন।

এদিকে, কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ১৮৬ জন সাংবাদিক নিহত হয়েছেন।

আইডিএফ তাদের বিবৃতিতে আরও জানায়, হামলার আগে বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতি এড়াতে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছিল, যার মধ্যে ছিল সুনির্দিষ্ট গোলাবারুদের ব্যবহার, আকাশপথে নজরদারি এবং অন্যান্য গোয়েন্দা তথ্য। তবে, আল জাজিরা এই হামলাকে সাংবাদিকদের কাজকে বাধাগ্রস্ত করার একটি বিপজ্জনক প্রচেষ্টা হিসেবে দেখছে।

সূত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights