আসন সীমানা নির্ধারণ: বিশেষায়িত কারিগরি কমিটি গঠন ইসির

নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ৩০০ সংসদীয় আসনের সীমানা নির্ধারণে বিশষায়িত কারিগরি কমিটি গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার সাতজনের সমন্বয়ে এই কমিটি করা হয়েছে। তাদের আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় সংসদীয় আসনের সীমানা নির্ধারণে বিশেষায়িত কমিটি গঠনের বিষয়ে সব দলের ঐকমত্যের পর এ উদ্যোগ নিল ইসি।

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সুপারিশ ছিল- নির্বাচন কর্মকর্তা, ভূগোলবিদ, মানচিত্রকার, পরিসংখ্যানবিদ, নগর পরিকল্পনাবিদ, তথ্য প্রযুক্তিবিদ, জনসংখ্যাবিদ নিয়ে ইসির অধীনে বিশেষায়িত কমিটি করার।

যারা আছেন বিশেষায়িত কারিগরি কমিটিতে:

সীমানা নির্ধারণে বিশেষায়িত এই কারিগরি কমিটি গঠন করা হয়েছে নির্বাচন কমিশনের সিস্টেস ম্যানেজার মো. রফিকুল হককে আহ্বায়ক করে। কমিটির সদস্য সচিব হলেন- সিনিয়র সহকারী সচিব (নির্বাচন সহায়তা-১) মোহাম্মদ দেলোয়ার হোসেন।

অন্য সদস্যরা হলেন-মো. মোস্তাফিজুর রহমান (ভূগোলবিদ), কে এইচ রাজিমুল করিম (মানচিত্রকর), মোশিউর রহমান রিমু (তথ্য-প্রযুক্তিবিদ), ফারহানা আহমেদ (নগর পরিকল্পনাবিদ) ও হিফজুর রহমান (পরিসংখ্যানবিদ)।

বুধবার ইসির উপ-সচিব মো. শাহ আলম স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়, কমিটি প্রয়োজনে যেকোন কর্মকর্তা/কর্মচারীকে কো-অপ্ট করতে পারবে। বিশেষজ্ঞদের নিয়ে বিশেষায়িত কারিগরি কমিটি সাতদিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে।

কমিটির কার্যপরিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদের ৩০০ আসনের নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ সংক্রান্ত প্রস্তাব/প্রতিবেদন প্রণয়ন; কমিটি আগামী সাত দিনের মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন সীমানা নির্ধারণ সংক্রান্তে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকারের নেতৃত্বে গঠিত কমিটির কাছে জমা দেবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights