আসলাম চৌধুরী মনোনয়ন না পাওয়ায় মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম :

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির যুগ্ম মহাসচিব লায়ন মো. আসলাম চৌধুরী মনোনয়ন না পাওয়ার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন তার সমর্থকরা। সোমবার বিএনপির সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণার পর বিক্ষুব্ধ সমর্থকেরা ভাটিয়ারি এলাকায় মহাসড়কে নেমে দুই পাশের গাড়ি চলাচল বন্ধ করে দেন।

স্থানীয় সূত্রগুলো জানায়, আসলামের সমর্থকরা টায়ার জ্বালিয়ে স্লোগান দিয়ে বিক্ষোভ করেন। এ সময় দুইপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রী ও চালকরা।

বার আউলিয়া হাইওয়ে পুলিশের ওসি মো. আবদুল মমিন জানান, প্রায় এক ঘণ্টা ভাটিয়ারি এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিক্ষোভকারীদের বুঝিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন।

সীতাকুণ্ড থানার ওসি মো. মজিবর রহমান বলেন, সোমবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করা হয়েছে। ঘটনাস্থলে সীতাকুণ্ড থানার পুলিশ রয়েছে। অবরোধকারীদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights