আসিমকে হত্যার কথিত পরিকল্পনা ঘিরে বিতর্ক, কী বলছে পাকিস্তান

অনলাইন ডেস্ক
সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা চলাকালে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে হত্যার জন্য ইসরায়েল পরিকল্পনা করেছিল—এমন একটি দাবি ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে বিতর্ক তৈরি হয়েছে।

ব্রাজিলের এক বিশ্লেষকের এমন বক্তব্য আলোচনায় এলেও পাকিস্তান সরকার ও নিরাপত্তা সূত্র এটিকে সম্পূর্ণ ভিত্তিহীন এবং মনগড়া বলে উড়িয়ে দিয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তি আলোচনার অংশ হিসেবে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির গত সপ্তাহে সুইজারল্যান্ড সফর করেন। ওই আলোচনার ধারাবাহিকতায় শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইরান একটি চুক্তিতে পৌঁছায়।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়- বিতর্কের সূত্রপাত হয় লেবানিজ-অস্ট্রেলীয় রাজনৈতিক বিশ্লেষক মারিও নাউফালের একটি পডকাস্টকে কেন্দ্র করে। সেখানে অংশ নিয়ে ব্রাজিলের সাংবাদিক ও ভূ-রাজনৈতিক বিশ্লেষক পেপে এসকোবার দাবি করেন, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ সুইজারল্যান্ড সফররত পাকিস্তানি প্রতিনিধি দলের ওপর হামলার পরিকল্পনা করেছিল। তার ভাষ্য অনুযায়ী, মূল লক্ষ্য ছিলেন সেনাপ্রধান আসিম মুনির, তবে প্রতিনিধি দলের অন্য সদস্যরাও হামলার লক্ষ্যবস্তু হতে পারতেন।

এসকোবারের দাবি, পাকিস্তানের সামরিক গোয়েন্দারা এ পরিকল্পনা সম্পর্কে ‘অত্যন্ত বিশ্বাসযোগ্য’ গোয়েন্দা তথ্য পেয়ে দ্রুত ব্যবস্থা নেয়। পরে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ইসরায়েলের কাছে কঠোর বার্তা পাঠানো হয়।

সাক্ষাৎকারে তিনি বলেন, “মূল ঘটনাটি হলো, পাকিস্তানের সামরিক গোয়েন্দারা একটি অত্যন্ত বিশ্বাসযোগ্য তথ্য পায় যে, নেতানিয়াহুর নির্দেশে মোসাদ আসিম মুনির এবং সম্ভবত সুইজারল্যান্ডগামী পুরো পাকিস্তানি প্রতিনিধি দলকে হত্যার প্রস্তুতি নিচ্ছিল। এরপর পাকিস্তানিরা তাদের নিয়মিত মধ্যস্থতাকারীদের মাধ্যমে, আমার ধারণা ওমানের মাধ্যমে, সরাসরি ইসরায়েলিদের কাছে একটি বার্তা পাঠায়। বার্তায় বলা হয়, আমাদের প্রতিনিধি দলের গায়ে হাত দিলে আমরা তোমাদের মানচিত্র থেকে মুছে ফেলব। আমি কেবল আমাদের সূত্রের দেওয়া তথ্যই উদ্ধৃত করছি।

তবে এই বক্তব্য প্রকাশের পরই পাকিস্তানের পক্ষ থেকে তা দৃঢ়ভাবে নাকচ করা হয়। ভারতের আরেক সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস জানায়, পাকিস্তানের একটি শীর্ষ নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে দেশটির টেলিভিশন চ্যানেল ‘এআরওয়াই নিউজ’-এর চেয়ারম্যান কামরান খান বলেছেন, পুরো অভিযোগই ‘সম্পূর্ণ ভিত্তিহীন’।

নিরাপত্তা সূত্রের ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনিরের সুইজারল্যান্ড সফর পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী অত্যন্ত মসৃণভাবে সম্পন্ন হয়েছে। প্রতিনিধি দল লুসার্নে অবস্থানকালে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছিল এবং সফরের পুরো সময় কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি বা বিঘ্নের আশঙ্কা দেখা দেয়নি।

ওই কর্মকর্তা আরও জানান, সফরের কোনো পর্যায়েই নিরাপত্তাসংক্রান্ত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। পাকিস্তান কোনো ধরনের হুমকি বা সতর্কবার্তাও পায়নি। এমনকি সুইস কিংবা মার্কিন নিরাপত্তা সংস্থার পক্ষ থেকেও সফর নিয়ে কোনো উদ্বেগ প্রকাশ করা হয়নি।

তিনি অভিযোগটিকে ‘বাস্তবতাবিবর্জিত ও মনগড়া গল্প’ বলে মন্তব্য করেন। এদিকে, কথিত এই হত্যা পরিকল্পনার অভিযোগ নিয়ে ইসরায়েলি কর্তৃপক্ষ কিংবা দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা প্রতিক্রিয়া জানানো হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights