আ. লীগকে পুনর্বাসনের আগে অনেকবার ভাবা উচিত : আলাল
অনলাইন ডেস্ক
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, পত্রিকায় খবর দেখলাম, ফেব্রুয়ারির মাঝামাঝি একটা নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। যারা নতুন রাজনৈতিক দল করবেন আমরা তাদের স্বাগত জানাই। তাদের সহযোগিতার প্রয়োজন হলে যোগাযোগ করার অনুরোধ করছি। তবে, একটা কথা পরিষ্কার বলে রাখি, যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করছেন, এটা করার আগে দয়া করে আপনারা অনেকবার ভাবুন।
সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিবস উপলক্ষ্যে বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশন আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আলাল বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য দয়া করে উদার মানসিকতার পরিচয় দিয়েছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি উদারভাবে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আওয়ামী লীগকে পুনর্জন্ম দান করেছিলেন। ওই আওয়ামী লীগ জিয়াউর রহমানকে হত্যার মধ্য দিয়ে প্রতিদান দিয়েছে।
তিনি বলেন, জাতীয় পার্টি এখন প্রায় বিলীন হওয়ার পথে। এরপরে জামায়াতে ইসলামী আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করেছে, জামায়াত তখন আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে সঙ্গে নিয়ে বিএনপির বিরুদ্ধে আন্দোলন করেছে। প্রতিদান হিসেবে আওয়ামী লীগ জামায়াতে ইসলামীর শীর্ষ ১২ জন নেতাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে।
বিএনপির এই নেতা বলেন, এই হলো আওয়ামী লীগের চরিত্র। যারা আওয়ামী লীগকে পুনর্বাসিত করতে যাবেন, তারা অতীতের এই উদাহরণগুলো মাথায় রেখে তারপর সতর্কভাবে পদক্ষেপ নেবেন। কারণ আওয়ামী লীগের নামের সঙ্গে গণতন্ত্র যায় না।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জহুরুল ইসলাম কলিম, যুবদল নেতা এসএম জাহিদ হোসেন।
