ইংলিশ ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের কিউবা মিচেল

অনলাইন ভার্সন
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার কিউবা মিচেল ইংল্যান্ডের সপ্তম স্তরের ক্লাব গ্লুস্টার সিটিতে যোগ দিয়েছেন। মৌসুমের বাকি সময় ২০ বছর বয়সী এই ফুটবলার খেলবেন ক্লাবটির হয়ে।

ইংল্যান্ডে বেড়ে ওঠা কিউবা বয়সভিত্তিক পর্যায়ে খেলেছেন সান্ডারল্যান্ড ও বার্মিংহাম সিটির একাডেমিতে। গ্লুস্টার সিটিতে যোগ দেওয়াকে তিনি নিজের ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন।

ক্লাবকে দেওয়া সাক্ষাৎকারে কিউবা বলেন, ‘সবকিছু চূড়ান্ত হওয়ায় ভীষণ খুশি। মাঠে নেমে নিজের সামর্থ্য দেখাতে চাই এবং দল যেভাবে ভালো করছে, তাতে অবদান রাখতে চাই।’

বাংলাদেশ থেকে ফেরার পরই প্রস্তাবটি আসে বলে জানান এই মিডফিল্ডার। তিনি বলেন, ‘ফেরার পর আমার এজেন্ট বিষয়টি জানায়। দলটির পরিকল্পনা ও পারফরম্যান্স আমাকে আকৃষ্ট করেছে। সামনে এগিয়ে যাওয়ার জন্য মুখিয়ে আছি।’

জামাইকান বাবা ও বাংলাদেশি মায়ের সন্তান কিউবা গত নভেম্বরে নেপালের বিপক্ষে জাতীয় দলে অভিষেক করেন। পরবর্তীতে ভারতের বিপক্ষে ২২ বছর পর বাংলাদেশের ঐতিহাসিক জয়ের ম্যাচেও ছিলেন তিনি।

কিউবার নতুন ক্লাব গ্লুস্টার সিটি বর্তমানে লিগে প্রমোশনের দৌড়ে ভালো অবস্থানে আছে। ৩১ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে দলটি টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। শীর্ষ দলের সঙ্গে ব্যবধান কমিয়ে শিরোপা লড়াইয়ে থাকা অথবা অন্তত প্লে-অফ নিশ্চিত করে ওপরের স্তরে ওঠাই এখন তাদের লক্ষ্য।

উল্লেখ্য, গত বছরের জুলাইয়ে তিন বছরের চুক্তিতে বসুন্ধরা কিংসে যোগ দিয়েছিলেন কিউবা। তবে চলতি বছরের ৩ জানুয়ারি পারস্পরিক সমঝোতায় চুক্তি বাতিল করে ইংল্যান্ডে ফিরে যান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights